
কুড়িগ্রামের রাজারহাটে পুলিশের বিশেষ অভিযানে একটি বসতবাড়ির রান্নাঘরের পেছন থেকে ১৪ ফুট লম্বা জীবন্ত একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মেকুরটারী গ্রামে আসমানের বসতবাড়িতে বেআইনিভাবে গাঁজার গাছ চাষ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে রাজারহাট থানা পুলিশ। তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আসমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় রান্নাঘরের পেছন থেকে প্রায় ১৪ ফুট লম্বা তাজা গাঁজার গাছটি উদ্ধারসহ আসমানকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসমান স্বীকার করেছেন, তিনি প্রায় এক বছর ধরে লোকচক্ষুর অন্তরালে গোপনে গাছটি লালন-পালন করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ ফুট লম্বা একটি জীবন্ত গাঁজার গাছ উদ্ধারসহ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি এই অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে



