
নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রবিউল হোসেন ওরফে কালুকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-৩।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
বুধবার রাত সোয়া ১১টার দিকে জেলার কবিরহাট উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের চরমণ্ডলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কালু নোয়াখালীর সুধারাম থানার ১১ নম্বর নেয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধন্যপুর এলাকার জসিমের উদ্দিনের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদরাসার ছাত্রী। ৫ অক্টোবর রাত ১১টার দিকে সুধারাম থানার নেয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকায় বাদীর রান্নাঘরের ভেতরে এ ঘটনা ঘটে। প্রেমে সাড়া না দেওয়ার ঘটনায় ক্ষীপ্ত হয়ে রবিউল তাকে ধর্ষণ করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/এসএস


