
টাঙ্গাইলের গোপালপুরে এক শিশুকে (৯) যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে লিটন (৫৭) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং শিশুটিকে চিকিৎসার জন্য টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাদিরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার লিটন হাদিরা ইউনিয়নের চাতুটিয়া গ্রামের বাসিন্দা।
অভিযোগ অনুযায়ী, গ্রামের মান্নান খলিফার বাড়ির সামনের সড়কে শিশুটিকে একা পেয়ে কৌশলে ফুসলিয়ে লিটন ধর্ষণের চেষ্টা করেন।
শিশুটির বড় ভাই জাকির হোসেনের দাবি, বাড়ি থেকে বের হয়ে তিনি ঘটনাটি দেখতে পান। এ সময় লিটন শিশুটিকে সড়কের পাশের একটি ঘরের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলেও অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশকে খবর দেন জাকির। খবর পেয়ে গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির আহমেদ গিয়ে লিটনকে আটক করেন।
তবে অভিযোগ অস্বীকার করে লিটন দাবি করেন, বাজারে পান আনতে যাওয়ার সময় রসিকতা করে তিনি শিশুটির শুধু হাত ধরেছিলেন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে


