ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

পূজায় গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১০:২১ এএম
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে ট্রলারডুবির ঘটনায় একমাত্র আট বছর বয়সী মেয়ে অদ্রিতাকে হারিয়েছেন শংকর বেপারী। মেয়ের মরদেহ উদ্ধার হলেও দুর্ঘটনার তিন দিন পেরিয়ে এখনো নিখোঁজ রয়েছেন তার স্ত্রী রিনা বেপারী। কালীগঙ্গা নদীতে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় শোক ও উৎকণ্ঠায় দিন কাটছে শংকরের পরিবারের।

বুধবার (২১ অক্টোবর) সকাল পর্যন্ত নিখোঁজ রিনা বেপারীর সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন নাজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. পারভেজ।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালীগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রী ও ভারী মোটরসাইকেল বোঝাই একটি ট্রলার ডুবে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা দর্শন শেষে পরিবারের সদস্যদের নিয়ে ট্রলারে বাড়ি ফিরছিলেন শংকর বেপারী। ট্রলারটিতে ধারণক্ষমতার অতিরিক্ত ৫০ জনের বেশি যাত্রী এবং ছয় থেকে আটটি ভারী মোটরসাইকেল তোলা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। অতিরিক্ত বোঝার কারণে ট্রলারটি ভারসাম্য হারিয়ে নদীতে ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে পারলেও নিখোঁজ হন রিনা ও তার মেয়ে অদ্রিতা।

একমাত্র মেয়েকে হারিয়ে শোকাতুর শংকর বেপারী বলেন, ‘ঘটনার আগের রাতেও মেয়ে আমার সঙ্গে ঘুমিয়েছে। আজ সে শুধু স্মৃতি। আমি কীভাবে রাতগুলো পার করব? নৌকাডুবির পর পরিবারের কাউকে খুঁজে পাচ্ছিলাম না। হাসপাতালসহ আশপাশের নদীতে খুঁজেছি। সবাই তীরে উঠলেও ওরা নিখোঁজ রয়ে যায়। এখন মেয়ে মারা গেছে, ওর মাও হয়তো বেঁচে নেই।’

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রথম দফায় অভিযান চালিয়ে নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বরিশাল থেকে ডুবুরি দল এসে দ্বিতীয় দফায় অভিযান চালায়। এ সময় শিশু অদ্রিতার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার মা রিনা বেপারীর সন্ধান এখনো মেলেনি।

নিখোঁজ রিনা বেপারী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের বাসিন্দা। তার স্বামী শংকর বেপারী ঢাকার একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাপ্রহরী হিসেবে কর্মরত। দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি। পূজা দেখতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনায় একমাত্র সন্তানকে হারিয়ে এখন স্ত্রীর সন্ধানে অপেক্ষা করছেন শংকর।

দুর্ঘটনাস্থল ও উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেছেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। উদ্ধার অভিযানে পিরোজপুর জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক রায়হানুল আশরাফ ও নাজিরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক সোয়াইব হোসেন মুন্সি উপস্থিত রয়েছেন। পাশাপাশি নাজিরপুর ও নেছারাবাদ থানা-পুলিশের যৌথ দল ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক আহমেদ জানান, তীব্র পানির স্রোতের মধ্যেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই দফায় অভিযান চালিয়ে শিশু অদ্রিতার মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজ রিনা বেপারীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে দুর্ঘটনাস্থল শ্রীরামকাঠী ও নেছারাবাদের ভরতকাঠী খেয়াঘাট এলাকা পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর। এ সময় তার সঙ্গে ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী ও পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ
নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তদের পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের কয়েকটি স্থানে আগুন ধরে গেলেও স্থানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের বারারচর গ্রামে অবস্থিত গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ব্যাংকের শাখা লক্ষ্য করে অন্তত চারটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে ব্যাংকের কয়েকটি স্থানে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে, এ ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে ব্যাংকটির দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। আরটিভি/টিআর
নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ
প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজ চেষ্টায় তৈরি লাল বিমানে আকাশে উড়ছেন মারুফ
ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন মারুফ মোল্যা। সেই স্বপ্ন পূরণে এক বছর আগে নিজ হাতে তৈরি করেছিলেন প্যারাগ্লাইডার। সেটি নিয়ে আকাশে উড়ে তাক লাগিয়েছিলেন সবাইকে। এবার সাত মাসের নিরলস প্রচেষ্টায় তৈরি করেছেন এক আসনের ছোট বিমান।  শুক্রবার (১৩ নভেম্বর) সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের গুচ্ছগ্রাম-সংলগ্ন পদ্মা নদীর বিস্তীর্ণ চরে নিজের তৈরি লাল রঙের বিমান নিয়ে সফলভাবে আকাশে ওড়েন তিনি। দীর্ঘ সময় বেশ ভালো উচ্চতায় উড়ার পর নিরাপদে অবতরণ করেও নিজের উদ্ভাবনী সক্ষমতার প্রমাণ দেন মারুফ। যদিও বিমানটি এখনো কাঙ্ক্ষিত উচ্চতায় উঠতে পারেনি, তবে এমন সাফল্যে নতুন করে আলোচনায় এসেছেন ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের এই তরুণ। শুধু নিজের স্বপ্ন পূরণ নয়, দেশেই বিমান তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন মারুফ। আর্থিক সংকট, প্রাতিষ্ঠানিক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের অভাব—কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। ইউটিউব দেখে প্রযুক্তি সম্পর্কে ধারণা নেওয়া, বিভিন্ন যন্ত্রাংশ সংগ্রহ এবং নিজের চিন্তাভাবনা কাজে লাগিয়ে ধাপে ধাপে তৈরি করেছেন ছোট বিমানটি। তার এই উদ্ভাবনী উদ্যোগ দেখতে এখন বাড়িতে ভিড় করছেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। মারুফের আকাশে ওড়ার স্বপ্নের শুরু কক্সবাজার থেকে। বেড়াতে গিয়ে সমুদ্রসৈকতে প্যারাগ্লাইডারে মানুষকে উড়তে দেখে তার মনেও আকাশে ওড়ার ইচ্ছা জাগে। সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন প্যারাগ্লাইডার তৈরির পরিকল্পনা। ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে কাজ শুরু করেন। প্রায় ছয় মাসের চেষ্টায় তৈরি করেন নিজের প্যারাগ্লাইডার। গত বছর সেটি নিয়ে আকাশে উড়তে সক্ষম হন তিনি। ওই সাফল্যের পর থেকেই নিজের বিমান তৈরির স্বপ্ন দেখতে শুরু করেন মারুফ। এবার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যান আরও এক ধাপ। মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাসের তৈরি বিমান আকাশে উড়তে দেখে অনুপ্রাণিত হন তিনি। এরপর নিজের উদ্যোগেই বিমান তৈরির কাজ শুরু করেন। প্রায় সাত মাস ধরে বিভিন্ন যন্ত্রাংশ সংগ্রহ, প্রযুক্তিগত বিষয় নিয়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে তৈরি করেন এক আসনের ছোট বিমান। এতে ব্যয় হয়েছে প্রায় দেড় লাখ টাকা। তবে বিমান তৈরি করেই প্রথমবার সফলতা পাননি মারুফ। কয়েক দফা চেষ্টা করেও সেটি আকাশে তুলতে ব্যর্থ হন। পরে মানিকগঞ্জের বিমান নির্মাতা জুলহাসকে আমন্ত্রণ জানান তিনি। জুলহাস এসে বিমানটির বিভিন্ন প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী কিছু পরিবর্তন ও সংশোধনের পর অবশেষে আকাশে ওড়ে মারুফের তৈরি বিমান। প্রথমবার নিজের তৈরি উড়োজাহাজকে আকাশে ভাসতে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তিনি। মারুফ জানান, তার তৈরি বিমানটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আরও কিছু কারিগরি উন্নয়ন ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। বিশেষ করে বিমানটিকে আরও বেশি উচ্চতায় এবং নিরাপদে ওড়ানোর জন্য কাজ করছেন তিনি। মারুফের পারিবারিক জীবন অবশ্য খুব একটা সচ্ছল নয়। পরিবারের আর্থিক সংকটের কারণে এসএসসি পাসের পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পেলেও প্রযুক্তির প্রতি তার আগ্রহ কমেনি। নিজের চেষ্টায় ইউটিউব থেকে বিভিন্ন বিষয় শেখা এবং হাতে-কলমে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়েই এগিয়ে চলেছেন তিনি। বিমানটি আকাশে ওড়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার বাড়িতে উৎসুক মানুষের আনাগোনা বেড়েছে। প্রথমদিকে অনেকেই তার এমন উদ্যোগকে অবাস্তব বলে মনে করতেন। কেউ কেউ করেছেন কটূক্তি ও সমালোচনা। কিন্তু নিজের প্রচেষ্টায় বিমান আকাশে ওড়াতে সক্ষম হওয়ার পর সেই মানুষদের অনেকেই এখন তাকে উৎসাহ দিচ্ছেন। বিমান উড্ডয়নের সময় শত শত মানুষ উপস্থিত হয়ে এমন ব্যতিক্রমী দৃশ্য উপভোগ করেন। মারুফের তৈরি বিমানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে গত ২২ অক্টোবর মালয়েশিয়া থেকে তার বাড়িতে ছুটে আসেন এক বিদেশি দম্পতি। তারা হলেন হ্যানরি ও তার স্ত্রী দিয়ানা। মারুফের তৈরি বিমানটি সরেজমিনে দেখে বিস্ময় প্রকাশ করেন তারা। তার উদ্ভাবনী সক্ষমতায় মুগ্ধ হয়ে তাকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার আগ্রহও প্রকাশ করেন। সেখানে তাদের সহযোগিতায় মারুফকে দিয়ে বিমান তৈরির কাজ করানোর পরিকল্পনার কথা জানান তারা। তবে বিদেশে যাওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মারুফ। মারুফ বলেন, ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন থেকেই প্রথমে প্যারাগ্লাইডার তৈরি করেছি। এবার নিজের হাতে একটি ছোট বিমান তৈরি করে সেটি আকাশে ওড়াতে পেরেছি। এটি আমার জন্য অনেক আনন্দের ও গর্বের। তবে এখনো অনেক কাজ বাকি। বিমানটিকে আরও উঁচুতে ও নিরাপদে ওড়ানোর জন্য চেষ্টা করছি। খরচের তুলনায় নিজের উদ্ভাবনের সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, ‘বিদেশ থেকে একটি প্যারাগ্লাইডার কিনতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা খরচ হয়। অথচ আমি নিজের চেষ্টায় মাত্র এক লাখ টাকায় প্যারাগ্লাইডার তৈরি করেছি। আর ছোট বিমানটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। আমার ইচ্ছা, দেশের মাটিতেই আরও উন্নত বিমান তৈরি করা। এ জন্য সরকারি সহযোগিতা, প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত পরামর্শ খুবই দরকার। সঠিক সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও ভালো কিছু তৈরি করতে পারব বলে আশা করি।’ মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তাব প্রসঙ্গে মারুফের ভাষ্য, ‘আপাতত বিদেশে যাওয়ার বিষয়ে ভাবছি না। আমি দেশে থেকেই দেশের জন্য কিছু করতে চাই। আমার উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে দেশে যদি প্রয়োজনীয় সহযোগিতা ও প্রশিক্ষণের সুযোগ পাই, তাহলে এখানেই আরও বড় কিছু করার চেষ্টা করব।’ চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, মারুফের মধ্যে অসাধারণ উদ্ভাবনী প্রতিভা রয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যেও নিজের চেষ্টায় প্যারাগ্লাইডার তৈরির পর এবার ছোট বিমান তৈরি করে আকাশে ওড়াতে সক্ষম হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। এমন প্রতিভাকে অবহেলা না করে উৎসাহিত করা প্রয়োজন। সরকারি-বেসরকারি পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা, কারিগরি প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে মারুফের এই প্রতিভা আরও বিকশিত হবে। সে শুধু সদরপুর নয়, পুরো দেশের জন্য গর্ব বয়ে আনতে পারে। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, মারুফের এই ব্যতিক্রমী উদ্যোগকে উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তার উদ্ভাবনী কার্যক্রমকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসন সব সময় তার পাশে থাকবে। ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল উদ্যোগে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, মারুফের মতো তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে আমাদের উৎসাহিত করতে হবে। তার পাশে দাঁড়াতে হবে, যাতে আগ্রহ ও উদ্যম হারিয়ে না ফেলেন। সীমিত সামর্থ্যের মধ্যে নিজের চেষ্টায় এমন একটি বিমান তৈরি করা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমি ব্যক্তিগতভাবে মারুফের পাশে থাকব। আর্থিক সহযোগিতাসহ তার প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করব। তার এই প্রতিভা যেন যথাযথভাবে বিকশিত হওয়ার সুযোগ পায়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া প্রয়োজন। আরটিভি/টিআর
প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজ চেষ্টায় তৈরি লাল বিমানে আকাশে উড়ছেন মারুফ
সীমান্তে বিএসএফকে আবারও ব্যর্থ করে দিলো বিজিবি!
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ঘটেছে এ ঘটনা।
সীমান্তে বিএসএফকে আবারও ব্যর্থ করে দিলো বিজিবি!
পুকুর থেকে উদ্ধার কুমিরের ঠাঁই মিলল সাফারি পার্কে
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার হওয়া কুমিরটি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। জেলার বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা (ভররঞ্জিপাড়া) গ্রামের একটি পুকুরে জাল ফেলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা কুমিরটি উদ্ধার করেন। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাফারি পার্ক কর্তৃপক্ষ কুমিরটিকে পার্কের কুমির বেষ্টনীতে রাখে। বন বিভাগের কর্মীরা জানান, তিনগাঁও এলাকার স্থানীয় বাসিন্দারা এর আগে কুমিরটি দেখেননি। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, প্রায় দুই মাস আগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুকুরটিতে আর কুমিরটিকে দেখা যাচ্ছিল না। গত ১৭ নভেম্বর (মঙ্গলবার) একই ইউনিয়নের প্রায় ২০০ মিটার দূরে পাতাকাটা (ভররঞ্জিপাড়া) গ্রামের একটি পুকুরে স্থানীয় বাসিন্দারা কুমির দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা পুকুরে জাল ফেলে কুমিরটি উদ্ধার করেন। তিনি আরও জানান, গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও গ্রামের একটি পুকুরে কুমির দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁদের খবর দেন। খবর পেয়ে ওই পুকুরে কুমির উদ্ধারে অভিযান চালানো হলেও সেটি পাশের আরেকটি পুকুরে চলে যায়। পরে কুমিরটিকে শনাক্ত করতে না পারায় উদ্ধার অভিযান সফল হয়নি। তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা পুকুর থেকে কুমির উদ্ধারে অভিযান শুরু করেন। কয়েক দফা চেষ্টা করেও কুমিরটিকে আটক করা সম্ভব হয়নি। প্রথম দফায় জাল ছিঁড়ে কুমিরটি বেরিয়ে যায়। পরে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে বন বিভাগের কর্মীদের জালে কুমিরটি আটকা পড়ে। এরপর তাঁরা সেটিকে উদ্ধার করেন। ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, নারায়ণগঞ্জ থেকে উদ্ধার হওয়া কুমিরটি ৮ ফুট লম্বা। দেশের সংরক্ষিত অঞ্চলে এ প্রজাতির কুমিরের সংখ্যা খুবই কম। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বেশ দূরত্বে পুকুরটির অবস্থান। ওই পুকুরে কুমিরটি কীভাবে এলো, তা তদন্ত করে দেখা হবে। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, কুমিরটিকে রাত সাড়ে ১০টার দিকে পার্কে এনে কুমির বেষ্টনীতে রাখা হয়েছে। ওই বেষ্টনীতে আগে থেকেই একটি মাদি কুমির ছিল। নতুন আনা কুমিরটি পুরুষ। ফলে মাদি কুমিরটি পুরুষ সঙ্গী পাওয়ায় সেখানে প্রজননের সম্ভাবনা তৈরি হয়েছে। আরটিভি/টিআর
পুকুর থেকে উদ্ধার কুমিরের ঠাঁই মিলল সাফারি পার্কে
পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে কোর্ট পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আদালত প্রাঙ্গণের সামনে পুলিশকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে মঠবাড়িয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের সামনে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে প্রথম ককটেলটি বিস্ফোরিত হলেও দ্বিতীয়টি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে। বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালত চত্বরের সামনের সড়ক থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচি পালনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আরটিভি/টিআর
পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
আরও পড়ুন
সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৪
২০২৮ সালে ১৫ দিনের ব্যবধানে দুর্গাপূজা হবে দুইবার!
টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
টানা পাঁচ দিন ছুটি শেষ, রোববার খুলছে অফিস