
নাটোরের লালপুরের ভেল্লাবাড়ীয়া হযরত বাগু দেওয়ান (রহ.) মাজার ও মসজিদে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে দুর্বৃত্তরা মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা নিয়ে যায়।
এ সময় প্রায় তিন ফুট লম্বা একটি স্টিলের বাক্সও নিয়ে যায় তারা। চুরি হওয়া টাকার সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, সিন্দুকে প্রায় তিন বছরের টাকা জমা ছিল। তিন থেকে চার মাস পরপর সিন্দুক খোলা হলে প্রতিবার ৫০ থেকে ৬০ হাজার টাকা পাওয়া যায়।
মাজার কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেশকাতুল ইসলাম বলেন, মাজারে চুরির ঘটনা ঘটেছে। মসজিদের দানবাক্স প্রতি শুক্রবার খোলা হয়। এ ছাড়া চুরি হওয়া সিন্দুকটি পুরোনো ছিল এবং একটি পুরোনো বাক্সে কাগজপত্র রাখা ছিল। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গেছে। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/টিআর




