ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি

স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ), আরটিভি নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পিএম
ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি

বৃহত্তর ময়মনসিংহের মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক)। প্রতিদিন হাজারো রোগী চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে। অথচ হাসপাতালের অব্যবহৃত সিরিঞ্জ, ক্যানুলা ও স্যালাইনসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী পাওয়া গেছে শম্ভুগঞ্জের একটি ময়লার গুদামে। এসব সামগ্রীর প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখ রয়েছে ২০২৮ ও ২০৩১ সাল পর্যন্ত।

হাসপাতালের এসব সামগ্রী কীভাবে বাইরে গেল, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। ঘটনাটি ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

মমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, প্রয়োজনীয় ওষুধ ও কাঙ্ক্ষিত সেবা পেতে প্রায়ই নানা ভোগান্তির মুখে পড়তে হয় তাদের। এমন পরিস্থিতিতে হাসপাতালের অব্যবহৃত চিকিৎসাসামগ্রী ময়লার গুদামে পাওয়ার ঘটনায় হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

শম্ভুগঞ্জের ওই গুদামে কয়েক বস্তা সিরিঞ্জ, ক্যানুলা ও স্যালাইনসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী পাওয়া গেছে। এসব সামগ্রীর মেয়াদ শেষ হতে এখনো কয়েক বছর বাকি। ময়লা সংগ্রহ ও বাছাইয়ের কাজে যুক্ত শ্রমিকদের দাবি, ময়লার সঙ্গে প্রতিদিনই নতুন সিরিঞ্জ, ক্যানুলা ও স্যালাইন চলে আসে। সেগুলো আলাদা করে রাখা হয়। পরে কিছু সামগ্রী হাসপাতালে ফেরত দেওয়া হয়, আর বাকিগুলো পাইকারি দরে বিক্রি করা হয়।

ময়লা সংগ্রহের কাজে যুক্ত শ্রমিক জুবেদা খাতুন বলেন, ময়লা সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজে আমরা ১১ জন শ্রমিক নিয়োজিত রয়েছি। এর মধ্যে চারজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়লা সংগ্রহ করেন। বাকি সাতজন গুদামে এসব ময়লা প্রক্রিয়াজাত করেন।

তিনি আরও বলেন, ময়লার সঙ্গে প্রতিদিন নতুন নতুন সিরিঞ্জ, ক্যানুলা ও স্যালাইন চলে আসে। এগুলো আলাদা বস্তায় রেখে দিই। ১০ থেকে ১২ দিন পর তিন থেকে চার বস্তা সরঞ্জাম জমা হলে সেগুলো হাসপাতালে ফেরত দিই। বাকিগুলো পাইকারি দরে বিক্রি করে দেওয়া হয়।

হাসপাতালের অব্যবহৃত চিকিৎসাসামগ্রী কীভাবে ময়লার গুদামে গেল, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন নাগরিক সংগঠন ময়মনসিংহ মঞ্চের মুখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, হাসপাতালের ব্যবস্থাপনার বাইরে এসব সামগ্রী যাওয়ার ঘটনায় কর্তৃপক্ষের দায় ও তদারকির বিষয়টি তদন্ত করা জরুরি। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদার আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগের করা হলে তিনি বলেন, এগুলো হাসপাতালের না বাহিরের।

হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার বলেন, অব্যবহৃত সিরিঞ্জ, ক্যানুলা ও স্যালাইনসহ চিকিৎসাসামগ্রী হাসপাতালের বাইরে যাওয়ার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যেহেতু এসব সামগ্রী হাসপাতালের বাইরে যাওয়ার সুযোগ নেই, সেহেতু সেগুলো কীভাবে ফেরত দেওয়া হবে, তা জানতে চাওয়া হবে। ছুটি শেষ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে জবাবদিহি করা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩৫ থেকে ৪০ ভ্যানগাড়ি ময়লা সরানো হয়। এসব ময়লার মধ্য থেকে প্রতি সপ্তাহে কয়েক বস্তা অব্যবহৃত সিরিঞ্জ, ক্যানুলা ও স্যালাইনসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী পাওয়া যায় বলে জানা গেছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের মিছিল দেখে ইউসুফ মুন্সী নামে এক ভ্যানচালক ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন নেতাকর্মীরা।
যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
ভালুকায় ৩০ শতাংশের নিচে পাশের হার হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন। 
ভালুকায় ৩০ শতাংশের নিচে পাশের হার হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ
শেরপুরে বন্যহাতির তাণ্ডবে দিশেহারা কৃষকরা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় বন্যহাতির আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। মাঠে আমন ধান পাকতে শুরু করলেও হাতির পালের আক্রমণের ভয়ে পুরোপুরি পাকার আগেই আধাপাকা ধান কেটে ঘরে তুলতে বাধ্য হচ্ছেন তারা। এতে একদিকে যেমন ফসলের কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক, অন্যদিকে জীবন ও সম্পদের নিরাপত্তাহীনতায় দিন কাটছে সীমান্তবাসীর। স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া, নয়াবিল ও পোড়াগাঁও ইউনিয়নের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় এবারও আমন ধানের আবাদ করা হয়েছে। বর্তমানে অধিকাংশ জমির ধান পাকতে শুরু করেছে। কিন্তু সন্ধ্যা নামলেই খাবারের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে ও ধানখেতে নেমে আসছে বন্যহাতির পাল। ইতোমধ্যে কয়েক দফায় ফসলি জমিতে হানা দিয়ে ধান খেয়ে ও পায়ের নিচে মাড়িয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে হাতির দল। ফসল রক্ষায় জমির পাশে অস্থায়ী টংঘর তৈরি করে রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকেরা। হাতি তাড়াতে টিন পেটানো, চিৎকার ও মশাল জ্বালিয়ে চেষ্টা চালানো হচ্ছে। তবে বর্তমান বাজারে কেরোসিন তেলের বাড়তি দামের কারণে মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোও কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকেরা জানান, সারা বছরের পরিশ্রমের ফসল চোখের সামনে নষ্ট হতে দেখার চেয়ে লোকসান মেনে নিয়ে আধাপাকা ধান কেটে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এ বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জের সমশ্চূড়া বিট কর্মকর্তা মো. কাউছার হোসেন জানান, বন্যহাতির গতিবিধি পর্যবেক্ষণে বনের বিভিন্ন পয়েন্টে আধুনিক এআই ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং মানুষ ও হাতির মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে নানা সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মতে, একদিকে বন্যহাতির বিচরণক্ষেত্র, অন্যদিকে মানুষের বসতি ও কৃষিজমি— এই দুইয়ের সংঘাতের মাশুল দিতে হচ্ছে সাধারণ কৃষকদের। বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি কৃষকের ফসল ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের কাছে স্থায়ী ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আরটিভি/এমএইচজে
শেরপুরে বন্যহাতির তাণ্ডবে দিশেহারা কৃষকরা
কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা অনুষ্ঠিত
কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সূর্য পূজা বা ছট পূজা।
কুড়িগ্রামে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা অনুষ্ঠিত
আরটিভিতে সংবাদ প্রকাশ: ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান 
আরটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর পাবনার ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। 
আরটিভিতে সংবাদ প্রকাশ: ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান 
আরও পড়ুন
মমেকে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৪
মমেকে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু, ভর্তি ২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন