
পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নয়ন মিয়া (২০) গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের আব্দুল মতিন মৃধার ছেলে ও সেলিম মাহমুদ (৪০) জালালপুর গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে।
পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর বাজার এলাকায় বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এসআই মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতদের উদ্ধার করে। আইনি ব্যবস্থা প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/আইএম



