
কুয়াকাটায় পর্যটন কার্নিভালে যোগ দিতে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী একটি বাস বরগুনার আমতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বরগুনার আমতলী উপজেলার বান্দ্রা বাজার এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে আমতলী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৪ থেকে ৫ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পর্যটক ও যাত্রী নিয়ে গতকাল রাতে ইমরান পরিবহন নামে ওই বাসটি কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসে। পরে বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলার বান্দ্রা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় ওই বাসটি দুমড়েমুচড়ে গিয়ে বাসে থাকা কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কলাপাড়া ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এছাড়াও এ ঘটনায় ৪-৫ জনকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আমতলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাহবুবুর আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। বাসটির বেশিরভাগ যাত্রীই কুয়াকাটার পর্যটন কার্নিভালে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি বান্দ্রা বাজার এলাকায় পৌঁছানোর আগের স্টোপেজে বাসের চালক নেমে যায়। এরপর বাসটি হেলপার চালাচ্ছিলেন। পরে সড়কের একটি বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো নিহতের খবর পাইনি, তবে ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বাসের চালক ও হেলপার পলাতক থাকায় তাদেরকে আটক করা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
আরটিভি/টিআর




