
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মমিনুল ইসলাম মনির নামে এক কৃষকের লাউবাগানের সব গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতের কোনো একসময় সিলেট-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন ব্রাহ্মণবাড়িয়ার ধরখার ইউনিয়নের চতুরা শরীফ গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক জানান, প্রায় ৩০ শতক জমিতে বিভিন্ন জাতের দুই শতাধিক লাউগাছের চারা রোপণ করেন তিনি। নিয়মিত পরিচর্যা করে গাছগুলো বড় করে তুলেছিলেন। কয়েক দিনের মধ্যেই লাউগুলো বিক্রির উপযোগী হওয়ার কথা ছিল। কিন্তু দুর্বৃত্তরা বাগানের সব গাছ কেটে ফেলেছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি তার কৃষিশ্রমও বৃথা গেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, সাবেক ইউপি সদস্য ‘শিশু মেম্বার’-এর ছেলে শাহারিয়ার খন্দকার গত পরশু তাদের হুমকি দিয়েছিলেন। এরপরই বাগানের গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। তাদের ধারণা, এ ঘটনার সঙ্গে শাহারিয়ার জড়িত থাকতে পারেন।
বাগানটি রাতে দেখাশোনা করেন আল আমিন নামে এক শ্রমিক। তিনি সেখানে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করেন।
ভুক্তভোগী কৃষক জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ক্ষতিগ্রস্ত বাগানের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে


