
সাতক্ষীরার কলারোয়ায় রাস্তার উপর পণ্যসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা করার দায়ে ৯ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুটি বেকারিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বিস্কুট জব্দ করে ধ্বংস করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কলারোয়া বাজারের ফল মার্কেট ও চৌরাস্তা মোড়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন—আজমল হোসেন, ফয়ছাল হোসেন, সৈয়দ জিয়াউল হক, আরিফ হোসেন, ডালিম হোসেন, কামাল হোসেন, ফয়সাল, ওসমান গণি ও রফিকুল ইসলাম।
অভিযান সূত্রে জানা গেছে, বাজারের বিভিন্ন স্থানে রাস্তার উপর ফলসহ ব্যবসায়িক পণ্যসামগ্রী রেখে বেচাকেনা করছিলেন কয়েকজন ব্যবসায়ী। এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ অপরাধে ৯ জন ফল ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুটি বেকারিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বিস্কুট পাওয়া গেলে সেগুলো জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় ধ্বংস করা হয়।
অভিযানকালে কলারোয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি, ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমএইচজে




