
ঢাকার ধামরাইয়ে ৩৩ কেভি লাইনের তার আপগ্রেডেশন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ধামরাইয়ের ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি ও ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নং ফিডারের আওতাভুক্ত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বন্ধ থাকার তালিকায় থাকা উল্লেখযোগ্য এলাকাগুলো হলো— ছোট চন্দ্রাইল, বড়চন্দ্রাইল, খাতরা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমড়াইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানসিঁড়ি আবাসিক এলাকা ও ঢুলিভিটা।
এছাড়াও একমি ল্যাবরেটরিজ, মুন্নু সিরামিক্স, ফ্রেম হাউস ফুটওয়্যার, বাটা সু কোং, কে এন্ড কিউ ফিলিং স্টেশন, এনএন সিএনজি, অতসী ফ্যাশন ও কিষান গ্রুপসহ বেশ কিছু বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানেও এই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ (ধামরাই জোনাল অফিস)-এর ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন আরটিভিকে বলেন, গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই আমরা নিয়মিত এই রক্ষণাবেক্ষণ কাজগুলো করে থাকি। আগামীকাল ৩৩ কেভি লাইনের তার আপগ্রেডেশনসহ কিছু জরুরি মেরামত কাজ করা হবে। কাজ চলাকালীন গ্রাহকদের নিরাপত্তার স্বার্থেই সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা প্রয়োজন। আমরা চেষ্টা করব নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য আমরা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি
আরটিভি/এমএইচজে


