
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও তাদের আট মাস বয়সী শিশুকন্যা।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) ও তাদের আট মাস বয়সী মেয়ে রিফা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময় জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। পথে পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মোরশেদ আলমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী ও শিশুকন্যাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী ও অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মেলান্দহের মালঞ্চ এলাকায় সেটি আটক করেন। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। স্থানীয়রা দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করেছেন। তবে চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
আরটিভি/এসকে


