
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতির এক ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশকে একটি বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে ভূমিকা রাখেন। তার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান জাতির স্মৃতিতে অমর হয়ে থাকবেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলা পরিষদ প্রাঙ্গণে অসচ্ছল ও দুস্থ ব্যক্তিদের মধ্যে মানবিক সহায়তা ও ঢেউটিন এবং কর্মজীবী নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ না করলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা ছিল। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই দায়িত্ব শেষ করেননি; মহান মুক্তিযুদ্ধে জেড ফোর্সের নেতৃত্ব দিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। পরবর্তী সময়ে দেশের ক্রান্তিলগ্নে দায়িত্বভার গ্রহণ করে জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ৯০ জন অসচ্ছল ও দুস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মানবিক সহায়তা প্রদান করেন। এছাড়া ৫৬ জনকে দুই বান্ডিল করে ঢেউটিন এবং গৃহনির্মাণ সহায়তা হিসেবে প্রত্যেককে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। পাশাপাশি ২০০ জন কর্মজীবী নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন৷
এ সময় উপস্থিত ছিলেন- বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেন, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আহসান হাবীব বিপ্লব, সদস্য সচিব এম এ কাদের জলিল, উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, বেলাব উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ গোলাম ফারুক, উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
আরটিভি/এমএইচজে


