
ঢাকার ধামরাইয়ে টানা তিন রাতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ রোববার (৮ নভেম্বর) ভোরে উপজেলার শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। এতে বাসটির প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস জানায়, রোববার ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে আফাজ উদ্দিন কলেজের সামনে শরীফবাগ এলাকায় নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত পুরোনো ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসটির আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাসটির মালিক লুৎফর রহমান। এর নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-জ-১৪-২৪৭৮।
এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই ঘটনায় মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং নয় লাখ টাকার মালামাল উদ্ধারের তথ্য জানিয়েছিল ফায়ার সার্ভিস।
এ নিয়ে টানা তিন রাতে ধামরাইয়ে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মহাসড়ক ও আঞ্চলিক সড়কের পাশে দুর্বৃত্তদের এমন বাস পোড়ানোর ঘটনায় স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আল আমিন খান বলেন, প্রাথমিক আলামতে ঘটনা দুটি নাশকতামূলক বলেই মনে হচ্ছে। গভীর রাতে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা বাসগুলোকে লক্ষ্য করে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, যার ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, গত তিন দিনে তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। গতকালের ঘটনার পরই আমরা বাস মালিকদের বুঝিয়েছি, বলেছি, যাতে তারা বাস নিরাপদে রাখেন। বাসের সঙ্গে পাহারাদার বা নজরের মধ্যে রাখেন। এরপরও বাইরে রাখা আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, এই আগুনের ঘটনা রাজনৈতিক নাকি ব্যক্তিগত বিরোধে বা আসলেই কি ঘটনা বিভিন্ন বিষয়কে সামনে রেখেই তদন্ত করা হচ্ছে। তিনটি ঘটনার মধ্যে একটি বাসের মালিক থানায় অভিযোগ করেছেন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ তদন্ত করছি। আশা করছি, বিষয়টি উদঘাটন করা সম্ভব হবে।
আরটিভি/এসআর



