
দুর্দিনে অসহায় শ্রমিকের পাশে দাঁড়িয়েছে সহকর্মীরাই। কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অসহায় সদস্য আব্দুল জব্বার আলীর হাতে তুলে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকার চেক। সংগঠনের পক্ষ থেকে দেওয়া এ সহায়তায় সংকটের সময়ে কিছুটা স্বস্তি ফিরেছে শ্রমিক পরিবারের জীবনে।
শনিবার (৭ নভেম্বর) রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে আয়োজিত চেক হস্তান্তর ও আলোচনা সভায় আব্দুল জব্বার আলীর হাতে চেকটি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের নির্মাণ ট্রেড ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. শাহজালাল বসুনিয়া, রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জাহিদুল ইসলাম সোহেল ও মো. হাবিবুর রহমান হাবিব। এ সময় শ্রমিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া।
বক্তারা বলেন, শ্রমিকদের সুখ-দুঃখের সঙ্গী হতে হবে শ্রমিক সংগঠনকে। কোনো সদস্য বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো শুধু সহযোগিতা নয়, এটি সংগঠনের নৈতিক দায়িত্ব। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে শ্রমিকদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আরটিভি/এসআর




