
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লাকে আটকের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুর একটার দিকে দপদপিয়ার পুরোনো ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে ছাত্রলীগের সভাপতি সিরাজ মোল্লাকে আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে আসামির তিন ভাই ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় জোরপূর্বক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেন তারা। পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করেন। হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনার পর দপদপিয়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি তৌহিদুজ্জামান সোহাগ।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, সিরাজ মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে গ্রেপ্তার করা হলে তার পরিবারের সদস্যরা ছিনিয়ে নিয়ে যান। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/টিআর




