
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, হাসিনা বলেছিলেন, ‘শেখের মেয়ে পালায় না।’ বাংলাদেশের রাজনীতিতে একজনই পালিয়েছেন, তিনি হলেন শেখের মেয়ে হাসিনা। এ জীবনে হাসিনা কোনো দিন ফিরবেন না।
রোববার (৮ নভেম্বর) টাঙ্গাইলের সখীপুর উপজেলা ডাকবাংলো চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সখীপুর উপজেলা ও পৌর বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, এখন আবার শুনছি, তিনি ডিসেম্বরে আসবেন, তার নেতা-কর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। ওইসব নেতা-কর্মীকে বলব, আপনারা দিবাস্বপ্ন দেখবেন না। আপনাদের বিপদে ফেলতে হাসিনা মাঝেমধ্যে এ ধরনের কথা বলে থাকেন। এটা তার চরিত্র।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, আমরা তো চাই, হাসিনা ফিরে আসুক। তিনি তো এখন ফাঁসির আসামি। হাসিনা ফিরে এসে আদালতে যাক, কারাগারে যাক। ফাঁসির দড়ি ঝুলবে তার গলায়। অসংখ্য গণহত্যা করেছেন তিনি। কিন্তু তিনি ফিরবেন না। উসকানি দিয়ে দেশটাকে অস্থিতিশীল করবেন এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতার কাজে লাগাবেন। কিন্তু পরিষ্কার করে বলছি, বাংলাদেশে নাশকতার আর জায়গা নেই।
আওয়ামী লীগের সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, দেশের পোশাকশিল্পকে ধ্বংস করার জন্য পতিত ফ্যাসিস্টরা কোটি কোটি টাকা ব্যয় করে তাদের বাহিনীকে মাঠে নামিয়েছিল। তারা আদৌ গার্মেন্টসশ্রমিক নয়। হ্যাঁ, কিছু গার্মেন্টসশ্রমিক বিভ্রান্ত হয়েছিলেন। তারা দুদিনের মাথায় গার্মেন্টসে ফিরে গেছেন। আমরা জেনেছি, সখীপুরেরও পতিত ফ্যাসিস্টদের ১০০ থেকে ২০০ জন নেতা তারা ভাঙচুরের জন্য পাঠিয়েছিল। তাদের তালিকা করা হচ্ছে। এটি জনগণের বাংলাদেশ। এখানে নাশকতার কোনো সুযোগ নেই।
বিরোধী দলের সমালোচনা করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী দেশটাকে নতুন করে গড়ে তোলার জন্য যখন বিশাল কর্মযজ্ঞ শুরু করেছেন, ঠিক তখনই আমাদের বিরোধী দল নানা রকমের বিষোদ্গারে ব্যস্ত হয়ে পড়েছে। তারা এখনই ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছেন। তারা দুদিন পরপর লংমার্চ করেন। আমরা যখন দেখি দেশে তেলের অভাব, তখন আমাদের বিরোধী দল হাজার হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছে—এটা কি তাদের দেশপ্রেম? তারা নানা ধরনের হুমকি-ধমকি ও আলটিমেটাম দিচ্ছেন—এটা কি তাদের দেশপ্রেম?
এ সময় বিরোধী দলের নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, জনগণ বিএনপিকে পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে। পাঁচটা বছর অপেক্ষা করুন। পাঁচ বছর পর আবারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। বাংলাদেশে আর কখনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, দিনের ভোট রাতে হবে না। জনগণ ভোট দেবে। অতএব, আপনারা পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করুন। আর যদি অস্থির হন, অযথা হুমকি-ধমকি দেন, জনগণের উন্নয়ন ব্যাহত হয়, তাহলে জনগণই আপনাদের মোকাবিলা করবে।
আলোচনা সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে সাবেক সভাপতি খোরশেদ আলম, সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ ও আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম সবুর রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহম্মদ কবির হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আল আজাদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/টিআর


