
চাঁদপুরে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ। বাড়ির পাশের পুকুর থেকে নিখোঁজ ইয়াছিন হোসেন (৪) নামের শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী।
রোববার (৮ নভেম্বর) সকাল আনুমানিক ছয়টার দিকে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের হাজীবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইয়াছিন হোসেন ওই গ্রামের হাজীবাড়ির দিনমজুর জিতুর ছেলে। খেলতে গিয়ে পানিতে পড়ে এ মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুর ১২টার পর থেকেই শিশু ইয়াছিন নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত শনিবার রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা।
অবশেষে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুর থেকে পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী।
শিশুটির বাবা জিতু বলেন, আমার অবুঝ ছেলের সঙ্গে কিংবা আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কারও প্রতি আমাদের কোনো সন্দেহও নেই। হয়তো খেলতে গিয়ে সে পানিতে পড়ে মারা গেছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আমরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটি আগের দিন দুপুর থেকে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
আরটিভি/টিআর




