
গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে গরম ইস্ত্রি দিয়ে নিতম্বে ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রাব্বি হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাতে ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখায় টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গ্রেপ্তার রাব্বি হোসেন টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদরাসার শিক্ষক। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায়।
ভুক্তভোগী শিক্ষার্থী মো. ওসমান গণি নাঈম (৯)। স্বজন ও মামলা সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর মাদরাসার শিক্ষক রাব্বি হোসেন গরম ইস্ত্রি দিয়ে শিশুটির নিতম্বে ছ্যাঁকা দেন বলে অভিযোগ উঠেছে।
পরদিন ৫ নভেম্বর সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাদরাসায় গেলে নির্যাতনের বিষয়টি মাকে জানায় সে। পরে রোববার রাতে শিশুটির মা টঙ্গী পূর্ব থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা রুজু করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আরটিভি/এসকে




