
তেঁতুলের নাম শুনলেই জিভে জল আসে অনেকের। আর সেই তেঁতুল যদি হয় বাইরে ধূসর-সবুজ, ভেতরে টকটকে সিঁদুর লাল— তাহলে বিস্ময় আর কৌতূহল যেন আরও বেড়ে যায়। এমনই এক বিরল লাল তেঁতুলগাছের দেখা মিলেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট গ্রামে, গড়াই নদীর তীরে।
এই কাঁচা তেঁতুল ভাঙলে দেখা যায় টকটকে লাল শাঁস। ভেঙ্গে হাতে নিলে মনে হয় যেন হাতে রক্তের দাগ লেগে আছে। অথচ পাকলে এর রং হয়ে যায় সাধারণ তেঁতুলের মতোই।
প্রায় ৩০০ বছরের পুরোনো এটি বিরল প্রজাতির লাল তেঁতুল গাছসহ তিনটি তেঁতুল গাছ দেখতে এবং এর ব্যতিক্রমী রূপ ও স্বাদ উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। গাছটিকে ঘিরে এলাকাটি এখন ছোটখাটো পর্যটনস্থলে পরিণত হয়েছে।
তবে দীর্ঘদিনের এই ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সংরক্ষণ ও বংশবিস্তারের উদ্যোগ না থাকায় স্থানীয়দের মনে তৈরি হয়েছে উদ্বেগ। এলাকাবাসীর দাবি, গাছগুলো সংরক্ষণে সরকারি উদ্যোগ নেওয়ার পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিনোদন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হোক।
বিরল এই গাছটির সম্পর্কে স্মৃতি রোমন্থন করে স্থানীয় বাসিন্দা ৮৮ বছর বয়সী হেকমত আলী শেখ বলেন, যখন থেকে জ্ঞান হয়েছে, তখন থেকেই গাছগুলোকে দেখছি। আমার বাবা আমাকে গল্প শোনাতেন, তিনি নিজেও তা শুনেছেন তার দাদার কাছ থেকে। ব্রিটিশ শাসনের সময় ইংরেজ সাহেবরা গাছগুলো লাগিয়েছিলেন। পরে ‘হিরাম্বর বাবু’ নামে এক হিন্দু ব্যবসায়ী ইংরেজদের কাছ থেকে গাছগুলো কিনে নেন।
তিনি আরও বলেন, ‘আমাদের জানা মতে, খোকসার হিজলাবট ছাড়া বাংলাদেশের আর কোথাও এমন লাল তেঁতুলগাছ নেই।
এলাকার আরেক বাসিন্দা শাহনাজ বেগমের কাছে লাল তেঁতুলের গাছটি শুধু বিরল প্রজাতির একটি বৃক্ষ নয়, স্মৃতিমাখা এক ভালোবাসার নিদর্শনও। তিনি বলেন, আমার সবচেয়ে প্রিয় গাছগুলোর একটি এই লাল তেঁতুলগাছ। এর ছায়ায় বান্ধবীদের নিয়ে অনেকবার বনভোজন করেছি। শুধু আমরাই নই, কুষ্টিয়া শহর, এমনকি ঢাকা থেকেও অনেকে এখানে বেড়াতে আসেন।
অতীতের স্মৃতিচারণ করে তিনি বলেন, আগে এখানে এত বাড়িঘর ছিল না। সামনে ছিল শুধু নীলকুঠি আর একটি সেগুনবাগান। নদীভাঙনে সেগুনবাগান বিলীন হয়ে গেছে। এখন নীলকুঠির একটি ভবনের অবশিষ্টাংশ আর তিনশ বছর পুরানো এ তিনটি তেঁতুলগাছ টিকে আছে।
কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক মাহমুদুল হাসান বলেন, তিনটি গাছই অনেক প্রাচীন। আমাদের জানা মতে, এ ধরনের তেঁতুল বাংলাদেশের আর কোথাও নেই।
তিনি জানান, সবচেয়ে বড় তেঁতুলগাছটির একটি অংশ ঝড়ে ভেঙে যাওয়ায় গাছটি আগের তুলনায় কিছুটা ছোট হয়ে গেছে, তবুও এর সৌন্দর্য কমেনি। গাছগুলো দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসেন। এগুলোকে ঘিরে এলাকাটি ছোটখাটো পর্যটনস্থলে রূপ নিয়েছে।
ব্লগার ও ইউটিউব কনটেন্ট নির্মাতা মো. আতাউর রহমান খান বলেন, আমি বিভিন্ন জায়গায় গিয়ে নানা বিষয়ের ভিডিও ধারণ করি। বিরল লাল তেঁতুলগাছের কথা শুনে এটি দেখতে এসেছি। এত বছরের পুরনো গাছ, দেখতে সত্যিই অসাধারণ।
তিনি আরও বলেন, এখানে এসে দেখলাম, বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ গাছগুলো দেখতে আসছেন। প্রতিদিনই অনেক দর্শনার্থীর সমাগম হয়। গাছগুলোর একটু পরিচর্যা করা হলে এবং জায়গাটির উন্নয়ন করা গেলে একে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ব্রিটিশ শাসনামলে নীলকররা এ অঞ্চলে নীলকুঠি ও বসতবাড়ি স্থাপন করে বসবাস শুরু করলে তাদের উদ্যোগেই তেঁতুল গাছগুলো রোপণ করা হয়। পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিনটি গাছের মধ্যে একটিতে ধরে ব্যতিক্রমী লাল তেঁতুল, অন্য দুটিতে ধরে সাধারণ রঙের তেঁতুল। বাইরে থেকে দেখে কোন গাছে কী রঙের তেঁতুল ধরেছে, তা বোঝার উপায় নেই।
এরমধ্যে লাল তেঁতুলগাছটি বিরল প্রজাতির ও দেশে একমাত্র বলে শুধু গাছটি টিকিয়ে রাখাই নয়, এর বংশবিস্তারের উদ্যোগ নেওয়াও জরুরি। সরকারি-বেসরকারি উদ্যোগে উপযুক্ত পদ্ধতিতে চারা উৎপাদন ও দেশের বিভিন্ন স্থানে রোপণের ব্যবস্থা করা গেলে এ বিরল তেঁতুলের বিস্তার ঘটানো সম্ভব।
বিজ্ঞানীদের মতে, প্রজননের সময় ক্রোমোজোমের বিন্যাসে ক্রসিং ওভারের কারণে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হতে পারে। এ গাছের ক্ষেত্রেও তেমনটি ঘটে থাকতে পারে। তাদের মতে, এ ধরনের লাল তেঁতুল মানবদেহের জন্যও অত্যন্ত উপকারীও।
প্রায় তিন শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা গাছগুলো আজ সংরক্ষণের অপেক্ষায়। সময়মতো পরিচর্যা ও বংশবিস্তারের উদ্যোগ নেওয়া না হলে হারিয়ে যেতে পারে প্রকৃতির এই বিরল নিদর্শন। তাই লাল তেঁতুলের স্বাতন্ত্র্য ও ঐতিহাসিক স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
আরটিভি/এমএইচজে




