
জয়পুরহাটের তিনটি হাটে দোকান বসানোর নির্ধারিত জায়গায় শেড নির্মাণের কাজ শুরু হয়েছিল চার বছরের বেশি সময় আগে। এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখনো অসমাপ্ত রয়েছে শেডগুলো। ফলে দোকান বসানোর জায়গা হারিয়ে হাটবারে রাস্তা ও পথের পাশে দোকান বসাতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে ভোগান্তিতে পড়ছেন দোকানি ও ক্রেতারা। হাট তিনটি হলো আক্কেলপুর উপজেলার রায়কালী, কালাই উপজেলার হারুঞ্জা ও ক্ষেতলাল উপজেলার লালাগড় হাট।
নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় গত বছরের মার্চে ঠিকাদারি প্রতিষ্ঠান মণ্ডল ট্রেডার্সের সঙ্গে তিনটি হাটের শেড নির্মাণের চুক্তি বাতিল করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এছাড়াও একই বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হয়।
সম্প্রতি তিনটি হাটের অবশিষ্ট কাজের জন্য নতুন দরপত্রপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে চুক্তি বাতিল হওয়া সেই ঠিকাদারি প্রতিষ্ঠানই আবার হারুঞ্জা হাটের শেড নির্মাণের কাজ পেয়েছে। বাকি দুটি হাটের কাজ পেয়েছে পৃথক ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু নতুন করে কাজ পাওয়া ঠিকাদারেরা এখনো নির্মাণকাজ শুরু করেননি।
রায়কালী হাটের দোকানি শফিকুল ইসলাম বলেন, ‘আমি যেখানে দোকান করতাম, পাঁচ বছর আগে সেই জায়গায় মার্কেটের কাজ শুরু হয়েছে। এখন রাস্তায় দোকান করতে হচ্ছে। আমরা এ কাজের দায়িত্বে থাকা এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদারের শাস্তি দাবি করছি।’
রায়কালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, তিনি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগেই রায়কালী হাটে শেড নির্মাণের কাজ শুরু হয়েছিল। তার মেয়াদ শেষের পথে, অথচ নির্মাণকাজ শেষ হয়নি। অসমাপ্ত স্থাপনা হাটের জায়গা দখল করে রেখেছে। এতে হাটে আসা লোকজনকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তিনটি হাটে শেড নির্মাণের কাজ পায় নওগাঁর চকবাড়িয়ার মেসার্স মণ্ডল ট্রেডার্স। ২০২০ সালের মার্চ ও এপ্রিল মাসে প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী, ২০২১ সালের মার্চের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু কাজ শুরু করার পর একপর্যায়ে তা ফেলে রাখে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
এলজিইডির পক্ষ থেকে একাধিকবার তাগাদা দেওয়া এবং তিন দফায় মেয়াদ বাড়ানোর পরও কাজ শেষ হয়নি। তিনটি শেড নির্মাণের প্রাক্কলিত ব্যয় ছিল প্রায় সাড়ে নয় কোটি টাকা। এর মধ্যে রায়কালী হাটের কাজে ৬৪ লাখ ৫০ হাজার, লালাগড় হাটে ৯৩ লাখ এবং হারুঞ্জা হাটে ৬০ লাখ ৬৪ হাজার টাকা বিল পরিশোধ করা হয়েছে।
চুক্তি বাতিলের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ পরিমাপ করা হয়। এতে রায়কালী হাটে ৩২ শতাংশ, লালাগড় হাটে ৪৫ শতাংশ এবং হারুঞ্জা হাটে ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে নির্ধারণ করা হয়। অবশিষ্ট কাজের ওপর ২০ শতাংশ জরিমানা আরোপ করা হয়। ঠিকাদারের ব্যাংক গ্যারান্টির টাকাও নগদায়ন করা হয়েছে।
এদিকে প্রকল্পের অবশিষ্ট কাজের প্রাক্কলন তৈরি করে পাঠানোর জন্য গত বছরের ১২ ফেব্রুয়ারি জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেন প্রকল্প পরিচালক স্বপন কান্তি পাল। চিঠিতে বলা হয়, প্রকল্পের সময়সীমার মধ্যে কাজ শেষ করা এবং সম্পাদিত কাজের বিল পরিশোধের বিষয়ে পরবর্তী যেকোনো জটিলতার জন্য সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। তবে চিঠি দেওয়ার তিন মাস পরও প্রাক্কলন না পাঠানোয় অসন্তোষ প্রকাশ করেন প্রকল্প পরিচালক।
জয়পুরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম আকন্দ বলেন, চুক্তি বাতিল হওয়া তিনটি হাটের শেড নির্মাণের জন্য নতুন করে দরপত্রপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্রুত নির্মাণকাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনটি হাটের মধ্যে হারুঞ্জা হাটের শেড নির্মাণের কাজ আগের ঠিকাদারি প্রতিষ্ঠান মণ্ডল ট্রেডার্স পেয়েছে। বাকি দুটি হাটের কাজ পেয়েছে অন্য দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। মণ্ডল ট্রেডার্স দ্রুত কাজ শুরু করতে পারবে বলে জানিয়েছে।
আরটিভি/এমএইচজে




