
নওগাঁর মান্দায় অবৈধভাবে চোলাইমদ সেবন করে প্রকাশ্যে মাতলামি করার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চক উদয়নারায়ণ গ্রামের রেজাউল করিম (৩৮) এবং দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের মামুনুর রশিদ মামুন (৪১), আজিমুদ্দিন (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), গজেন হাওলাদার (৫০), আমিনুল ইসলাম বাবু (৩০), সাইদুল ইসলাম (৩৫), নিশীথ হাওলাদার (৩৩), পরিতোষ (৩৩) ও পলাশ কুমার (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তরিকুল ইসলাম সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সসহ মান্দা থানা এলাকায় নিয়মিত টহল ডিউটিতে নিয়োজিত ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে জোতবাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে মোবাইল ফোনে পুলিশ জানতে পারে যে, দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের নিশীথ হাওলাদারের বসতবাড়ির একটি শয়নকক্ষে কয়েকজন ব্যক্তি অবৈধ চোলাইমদ সেবন করে হট্টগোল ও মাতলামি করছেন। খবরটি তাৎক্ষণিকভাবে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হলে ওসির দিকনির্দেশনায় রাত ১০টা ৪০ মিনিটের দিকে পুলিশ অভিযান চালায়। এ সময় চোলাইমদ সেবনরত অবস্থায় ১০ জনকে হাতেনাতে আটক করা হয় এবং উপস্থিত সাক্ষীদের সামনে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে মান্দা থানার ওসি মো. আফজাল হোসেন জানান, চোলাইমদ সেবন করে জনশান্তি বিঘ্নিত ও মাতলামি করার অভিযোগে ১০ জনের বিরুদ্ধে থানায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএইচজে


