
চাঁদপুরে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সাজাপ্রাপ্ত ৩ জনসহ মোট ৩১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক এবং ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে রোববার (৮ নভেম্বর) চাঁদপুর জেলার বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ৮ জন, হাইমচর থানা পুলিশ ১ জন, ফরিদগঞ্জ থানা পুলিশ ২ জন, মতলব দক্ষিণ থানা পুলিশ ৩ জন, মতলব উত্তর থানা পুলিশ ১ জন, হাজীগঞ্জ থানা পুলিশ ৪ জন, শাহরাস্তি থানা পুলিশ ২ জন এবং কচুয়া থানা পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে।
এদিকে মাদকবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে মতলব উত্তর থানা পুলিশ ৫ জন এবং কচুয়া থানা পুলিশ ৪ জনকে আটক করে।
এছাড়া জিআর ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে মতলব উত্তর থানা পুলিশ দুজন এবং কচুয়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরটিভি/এমএইচজে



