
নওগাঁর নিয়ামতপুরে দুটি বেপরোয়া গতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (২০) ও নুরুল ইসলাম ওরফে নুর সালাম (৪৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার হাজিনগর ইউনিয়নের সাংগৈল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান হাজিনগর ইউনিয়নের মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং নুরুল ইসলাম একই ইউনিয়নের সাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে মুশিন্দা শালবাড়ী থেকে শিবপুরগামী সড়কে সাংগৈল ও মোহাম্মদপুর এলাকার মাঝামাঝি স্থানে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী প্রাণ হারান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমএইচজে


