ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

রাতের আলোয় নতুন রূপ পেয়েছে লালমনিরহাট শহর

বাসস

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
সড়কবাতির আলোয় ঝলমল করছে লালমনিরহাট শহর। ছবি: সংগৃহীত

রাত নামলেই সড়কবাতির আলোয় ঝলমল করছে লালমনিরহাট শহর।

প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই আলোকায়নের ফলে বদলে গেছে এ শহরের রাতের চিত্র। বেড়েছে নাগরিকদের চলাচলের স্বস্তি, পাশাপাশি শহরের সৌন্দর্যও।

দৃষ্টিনন্দন আলোকসজ্জায় মুগ্ধ স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা। অনেকে শহরটিকে বলছেন ‘আলোর শহর লালমনিরহাট’।

পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মদিনাপাড়া এলাকার বাসিন্দা সংস্কৃতিকর্মী তৌহিদুল ইসলাম চঞ্চল (৪৫) বলেন, সড়কবাতির আলোয় লালমনিরহাট শহর নতুন রূপ পেয়েছে। আলো মানুষের মনে আনন্দ, স্বস্তি ও ইতিবাচক অনুভূতি তৈরি করে। শহরের এমন নান্দনিক পরিবর্তন প্রশংসনীয়।

বালাটারী এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম (৬২) বলেন, নির্বাচনের আগে শহরকে পরিকল্পিতভাবে সাজানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, চলমান উন্নয়নকাজে তার প্রতিফলন দেখা যাচ্ছে। বিশেষ করে সড়কের মাঝখানে স্থাপিত স্ট্রিট লাইট শহরের সৌন্দর্য বাড়িয়েছে।

অটোরিকশাচালক হাফিজুর রহমান (৪০) বলেন, সড়কে পর্যাপ্ত আলো থাকায় রাতে যানবাহন ও পথচারীদের চলাচল সহজ হয়েছে।

লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থী তন্ময় আহমেদ (১৮) বলেন, আধুনিক সড়কবাতির আলোয় রাতের শহর নতুন রূপ পেয়েছে। শহরকে নান্দনিকভাবে সাজানোর এ উদ্যোগ প্রশংসনীয়।

শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল করিম সাদেকী বলেন, সড়কবাতি স্থাপনের ফলে রাতে নাগরিকদের চলাচলে স্বস্তি ও নিরাপত্তা বাড়ছে। পাশাপাশি শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাচ্ছে। এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।

সরেজমিনে দেখা যায়, জেলা শহরের রেলওয়ে স্টেশন থেকে মিশন মোড় হয়ে সার্কিট হাউস পর্যন্ত সড়কে ডেকোরেটিভ গার্ডেন ও স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। প্রতিটি পোলে রয়েছে ১৩টি করে আধুনিক বাতি। এসব বাতির আলোয় সড়কটি দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। এ ছাড়া শহরের অন্যান্য প্রধান সড়ক ও বিভিন্ন এলাকাতেও নতুন সড়কবাতি স্থাপন করা হয়েছে।

রংপুর বিভাগের নয়টি পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এসব কাজ বাস্তবায়ন করছে লালমনিরহাট পৌরসভা। গত ১১ মে ২০২৬ তারিখে সড়কবাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

পৌরসভা সূত্রে জানা গেছে, রেলওয়ে স্টেশন থেকে মিশন মোড় হয়ে সার্কিট হাউস পর্যন্ত ৫৪টি ডেকোরেটিভ গার্ডেন ও স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫৭ লাখ ৪৩ হাজার ৮৬৭ টাকা।

এ ছাড়া শহরের অন্যান্য সড়ক ও অলিগলির প্রায় ২২ কিলোমিটার এলাকায় ৭৪৪টি নতুন সড়কবাতি স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩ কোটি ৬৪ লাখ টাকা। চারটি প্রকল্পের আওতায় এসব উন্নয়নকাজে মোট ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি ২১ লাখ টাকা।

লালমনিরহাট পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. আতিকুর রহমান বাসসকে বলেন, ২০২৫-২৬ অর্থবছরে চারটি প্রকল্পের আওতায় শহরে স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সড়ক ও অলিগলিতে আলোকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ চলমান রয়েছে।

পৌরসভার কর্মকর্তা ও শহর পরিকল্পনাবিদ এ.এস.এম. আশরাফুজ্জামান তালুকদার বলেন, শহরের আরও গুরুত্বপূর্ণ সড়কে স্ট্রিট লাইট স্থাপন এবং সৌন্দর্যবর্ধনের জন্য পরিকল্পনা ও নকশা তৈরির নির্দেশনা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায় বলেন, আগামী দিনে লালমনিরহাট শহরের সৌন্দর্য আরও আধুনিক ও যুগোপযোগী করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া পৌরসভার আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবিত রয়েছে।

পৌরসভার প্যানেল মেয়র আব্দুস সালাম বলেন, আলোকায়নের ফলে সড়কে নাগরিকদের চলাচলের নিরাপত্তা বাড়ার পাশাপাশি শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে আরও সড়কে আধুনিক সড়কবাতি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৭২ সালের ২০ জানুয়ারি প্রতিষ্ঠিত লালমনিরহাট পৌরসভা ২০০৫ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হয়। নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভার আয়তন ১৭ দশমিক ৯৫ বর্গকিলোমিটার।

২০২২ সালের জনশুমারি অনুযায়ী, পৌরসভার জনসংখ্যা ৬৭ হাজার ৩৫৫ জন। একই জনশুমারি অনুযায়ী, সদর উপজেলার জনসংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৪৬৩ জন। জেলার পাঁচ উপজেলার মানুষ চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, আদালতসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন জেলা শহরে আসেন। ফলে পৌরসভার নাগরিকসেবার ওপর শহরের বাইরের মানুষেরও নির্ভরতা রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৯ দফা দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ করছে শ্রমিকরা।
৯ দফা দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
দুর্গাপুরে সম্ভাবনাময় পর্যটনে গতি আনতে প্রশাসনের বিশেষ উদ্যোগ
সোমবার (৯ নভেম্বর) বিকেলে জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সাদামাটি পর্যটন এলাকায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সুধীজন ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এই আলোচনার আয়োজন করা হয়।
দুর্গাপুরে সম্ভাবনাময় পর্যটনে গতি আনতে প্রশাসনের বিশেষ উদ্যোগ
মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কুটি চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। 
মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
পৌনে ৩ কেজির এক ইলিশ, ১২ হাজার টাকায় বিক্রি
পটুয়াখালীর কুয়াকাটার আশাখালী মৎস্য বন্দরে জেলে নূর আলম বিশ্বাসের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ।
পৌনে ৩ কেজির এক ইলিশ, ১২ হাজার টাকায় বিক্রি
আরও পড়ুন
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মাদরাসাছাত্র নিহত
ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের মুখোমুখি শরীফা বেগম
৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যে সাজা পেলেন আলমগীর
আমঝোল সীমান্তে ভারতীয় বাঘের আক্রমণ, নারীসহ আহত ৩