
নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের ডাকা ধর্মঘট সফল করতে বরগুনার আমতলীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা, কলেজ ও মহাসড়কে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা উপজেলার কল্যাণপুর গ্রামীণ ব্যাংক শাখা, টিয়াখালী কলেজ এবং আমতলী- কুয়াকাটা মহাসড়কের ফকিরবাড়ী এলাকায় আগুন দেয়। পরে স্থানীয়রা আগুন
নিয়ন্ত্রণে আনেন।
তবে ছাত্রলীগের ডাকা ধর্মঘটে মঙ্গলবার (১০ সভেম্বর) আমতলীতে কোনো প্রভাব পড়েনি। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
জানা গেছে, দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগ। ধর্মঘটের ঘোষণায় শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা, আদালত, সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি সড়কে বাস, ট্রাক ও রেল চলাচল বন্ধ রাখার কথাও বলা হয়।
কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মতিন খান সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা, টিয়াখালী কলেজ এবং আমতলী-কুয়াকাটা মহাসড়কের ফকিরবাড়ী এলাকায় আগুন দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে, ব্যাংক ও সড়কে আগুন দেওয়ার পাশাপাশি কলেজে ব্যানার টানিয়ে তালা লাগানোর ভিডিও মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, ধর্মঘটে আমতলীতে কোনো প্রভাব পড়েনি। প্রতিদিনের মতো স্বাভাবিক ছিল জনজীবন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (মঙ্গলবার দুপুর আড়াইটা) কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক দেবরাজ পাল বলেন, কাজ শেষে আমরা অফিস থেকে চলে যাই। পরে গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের সামনে আগুন দিয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি।
টিয়াখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খালেদ মোশাররফ সোহেল কলেজে তালা ও আগুন দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে


