
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ শিহাব (৫২) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। শিহাব চরাঞ্চলের আলোচিত ‘৪০ বাহিনী’র (রাখি বাহিনী) সক্রিয় সদস্য এবং একাধিক হত্যা ও ধর্ষণ মামলার পলাতক আসামি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চর সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিহাব দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকার বাসিন্দা।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া এসআরবি-১২-এর একটি দল চর সাদিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় শীর্ষ সন্ত্রাসী শিহাবকে আটক করে তার শরীর তল্লাশি করে একটি রিভলভার, তিন রাউন্ড তাজা গুলি এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তার শিহাব দীর্ঘদিন ধরে চরাঞ্চলের ত্রাস ‘৪০ বাহিনী’ ও এর প্রধান রাখি বাহিনীর হয়ে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে দৌলতপুর ও ঈশ্বরদী থানায় হত্যা ও ধর্ষণ মামলাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া এসআরবি-১২-এর এফএস শরিফুল ইসলাম জানান, কুষ্টিয়া এসআরবি-১২-এর লেফটেন্যান্ট কর্নেল ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএইচজে




