
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোরে একটি সুপারি বাগান থেকে জাকির আকন (৫৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে বেতমোর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের একটি সুপারি বাগানে গাছের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।
নিহত জাকির আকন ওই গ্রামের মৃত ওয়াহেদ আকনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির আকনের বসতঘর থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১০০ থেকে ১২৫ গজ। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে সুপারি গাছ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আরটিভি/এমএইচজে


