
গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খসপুর গ্রামের কচির সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সদ্দার (৮৫) এবং গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আকমান খন্দকারের ছেলে ওবাইদুর খন্দকার (৩৫)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মুনতাসির মাহামুদ জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সরদার একটি পিকআপে করে মালামাল নিয়ে ছেলের বাসা মোংলায় যাচ্ছিলেন। ভোররাতে পিকআপটি ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালে সামনে পৌঁছালে গাড়িটে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি পিকআপের পেছনে সজোরে ধাক্কা মারে। এতে পিকআপের ভেতরেই মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাক পথচারী ওবায়দুর খন্দকারকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
আরটিভি/এমএইচজে


