
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের জব্দ করা কয়লাবোঝাই একটি কার্গোতে আগুনের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে কার্গোটির কয়লা থেকে ধোঁয়া বের হতে দেখে বনরক্ষীরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কয়লার নিচের অংশে তাপের কারণে আগুনের সৃষ্টি হওয়ায় বড় ধরনের অগ্নিকাণ্ডের আশংকা করছেন সংশ্লিষ্টরা। এ কারণে দ্রুত কার্গো থেকে কয়লা খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৮ অক্টোবর সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় ২৩০ টন ইন্দোনেশীয় কয়লাবোঝাই একটি মিনি কার্গোসহ নয়জনকে আটক করেন বনরক্ষীরা। আটক কার্গোটি শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন ভোলা নদীতে নোঙর করে রাখা হয়েছিল। বুধবার সকালে ওই কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে বনরক্ষীরা শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, সকালে কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভোলা নদীতে পাম্প মেশিন স্থাপন করে কয়লার ওপর পানি ছিটিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে কার্গো থেকে কয়লা নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আফতাব ই আলম বলেন, কার্গোর নিচের অংশে কয়লার অতিরিক্ত তাপ থেকে আগুনের সৃষ্টি হয়ে ধোঁয়া বের হচ্ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে এ ধরনের কয়লার স্তূপে ভেতরে তাপ থেকে পুনরায় আগুন ছড়িয়ে পড়ার আশংকা থাকে। তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত কয়লা খালাস করার জন্য বন বিভাগকে পরামর্শ দেওয়া হয়েছে।
শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, ১৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় ইন্দোনেশীয় ২৩০ টন কয়লাবোঝাই মিনি কার্গোটি আটক করা হয়। এ সময় কার্গোতে থাকা নয়জনকেও আটক করা হয়।
তিনি বলেন, আটক ব্যক্তিরা মোংলার জয়মনি এলাকায় একটি মাদার ভ্যাসেল থেকে কয়লা বোঝাই করেছিলেন। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের ভেতর দিয়ে অন্য কোথাও কয়লা পাচারের চেষ্টা করছিলেন। কয়লা পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা করা হয়। পরে নয় আসামি ও কয়লাবোঝাই কার্গোটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলার আসামিরা বাগেরহাট কারাগারে রয়েছেন।
আরটিভি/এসএস


