
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করেছেন চিকিৎসকরা।
উদ্ধার হওয়া কয়েদির নাম হাসমত আলী (৪৪)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
কারা সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসমত আলী পেটে তীব্র ব্যথার কথা জানান। পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তার পেটের ভেতরে বিভিন্ন ধরনের ধাতব বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হন। পরে গত ৪ নভেম্বর অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করা হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসমত আলীর বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কারাগারে বন্দি অবস্থায় মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। পরে তাকে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেওয়া হয়।
তিনি আরও জানান, পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাস লাইটার সংগ্রহ করে সেগুলো খেয়ে ফেলতেন হাসমত আলী। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, বর্তমানে হাসমত আলী সুস্থ আছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের অধীনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরটিভি/এসকে


