
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের লালপোল বেদেপল্লীতে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদ, ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ বাণ্ডেল ফয়েল পেপার, মাদক বিক্রির নগদ ১৭৫২৬০০ (সতেরো লাখ বায়ান্ন হাজার ছয়শত টাকা), টাকা গণনা করার ১টি মেশিন ও ২টি মোবাইল সেট জব্দ এবং ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷
বুধবার (১১ নভেম্বর) বিকেলে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন নিশাত তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার, ফেনী সদর, ফেনী; ফাহমিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফেনী সদর, ফেনী; মুজিবুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী; ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ফেনী মডেল থানা ও সাজেদ কামাল, পুলিশ পরিদর্শক (অপারেশন)। অভিযান পরিচালনাকালে ১০০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন৷
মাদকের বিরুদ্ধে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরটিভি/এমএইচজে




