
গাজীপুর মহানগরীতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি কারখানায় সংঘবদ্ধভাবে প্রবেশ করে মালামাল লুটপাট এবং স্থানীয়দের হাতে আটক ৯ জনকে সহযোগীদের মাধ্যমে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের একজনকে ধরে রাখার কথা জানিয়েছেন কারখানা ভবন মালিক।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে গাছা থানার শরিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভবন মালিক জানান, শরিফপুর এলাকায় তাদের মালিকানাধীন জমিতে প্রায় ১৯ হাজার ৫০০ বর্গফুট আয়তনের চারতলা ভবনে ‘ক্রস লাইন ওভেন অ্যাপারেল লিমিটেড’ নামে একটি কারখানা পরিচালিত হতো। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম কোয়েল। ২০১৩ সালে উৎপাদন শুরু করা কারখানাটির কার্যক্রম প্রায় চার বছর আগে বন্ধ হয়ে যায়।
অভিযোগে বলা হয়, কারখানা বন্ধ হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে সেখানে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গাছা থানায় ইতোমধ্যে তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সর্বশেষ বুধবার রাতে আনুমানিক ৯ জনের একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্র নিয়ে কারখানার প্রধান ফটকের তালা ভেঙে ও কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিভিন্ন মালামাল লুট করে একটি পিকআপ ভ্যানে তুলতে থাকে। এ সময় আশপাশের মার্কেটের নিরাপত্তাকর্মীরা বিষয়টি মালিকপক্ষকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় পিকআপভর্তি মালামালসহ ৯ জনকে আটক করা হয়।
আরটিভি/এমএইচজে




