
জয়পুরহাটের কালাইয়ে সরকারি বিনামূল্যের পাঠ্যবই কেজি দরে ভাঙারি দোকানে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে মোলামগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জিয়া পরিষদের সভাপতি মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়িহাটের মুক্তা আয়রন স্টোর নামের একটি ভাঙারি দোকানে বইগুলো বিক্রির এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের সরকারি বিনামূল্যের পাঠ্যবই স্থানীয় এক ভাঙারি ব্যবসায়ীর কাছে ২০ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছেন। বিক্রি করা বইয়ের মধ্যে বাংলাদেশ ও বিশ্বপরিচয়, গণিত, কৃষিশিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ, চারুপাঠ, ইংলিশ ফর টুডে ও স্বাস্থ্য সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ের বই রয়েছে। স্থানীয়রা ভাঙারি দোকানে সরকারি পাঠ্যবই দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে দোকানের কর্মচারী বলেন, বিদ্যালয়ের এক শিক্ষক এসে বইগুলো বিক্রি করে গেছেন।
ভাঙারি দোকানের কর্মচারী ইমরান বলেন, বিদ্যালয়ের এক শিক্ষক বইগুলো বিক্রির উদ্দেশ্যে দোকানে এনেছিলেন এবং প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি করে চলে যান। বইগুলোর গায়ে ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষ উল্লেখ রয়েছে।
স্থানীয় বাসিন্দা রনি ও শাহজাহান জানান, তারা পিয়নকে ভ্যানে করে বই নিয়ে ভাঙারি দোকানের দিকে যেতে দেখেছেন এবং সরকার যেখানে শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে, সেখানে অতিরিক্ত বই এভাবে বিক্রি করা অপরাধ।
তবে সরকারি বই বিক্রির অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন বলেন, আমরা কোনো বোর্ড বই বিক্রি করিনি। বই বিক্রির তথ্য আমার জানা নেই। কোনো বই বিক্রি করা হয়নি।
এদিকে প্রধান শিক্ষকের বক্তব্য নেওয়ার পর বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ করিম সাংবাদিকদের ফোন করে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানান। তিনি বলেন, বিদ্যালয়ে ব্যবহারের জন্য গাবলা কেনার উদ্দেশ্যে বইগুলো বিক্রি করা হয়েছে এবং এ বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে সরাসরি দেখা করবেন।
এ বিষয়ে কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনসুর রহমান বলেন, বিদ্যালয়ের মালামাল নিলামের মাধ্যমে বিক্রির নিয়ম রয়েছে। ওই প্রধান শিক্ষক সরকারি বোর্ড বই বিক্রি করে থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
আরটিভি/এমএইচজে




