
চট্টগ্রাম বিভাগ জুড়ে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৮০ সদস্য রয়েছেন। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫২৪ জনকে আটক করা হয়েছে।
বুধবার থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী।
তিনি জানান, অভিযানে নিয়মিত মামলায় ৮৯ জন, পুরোনো মামলায় ১৭৭ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে ১২৫ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
মাদকবিরোধী অভিযানে ৫৬ জন মাদকসেবী ও ৩৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড এবং মোট ৫ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা করা হয়েছে।
অভিযানকালে ২৪ হাজার ৩৬২টি ইয়াবা, ৩৪ কেজি ৮০ গ্রাম গাঁজা ও ৯ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গ্রেপ্তার ১৮০ সদস্যের মধ্যে চট্টগ্রামে ৪২ জন, কক্সবাজারে ১৬ জন, কুমিল্লায় ৪২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় আটজন, চাঁদপুরে ১৩ জন, নোয়াখালীতে ১১ জন, লক্ষ্মীপুরে ১৫ জন, ফেনীতে ছয়জন, রাঙামাটিতে নয়জন এবং খাগড়াছড়িতে ১৮ জন রয়েছেন।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫২৪ জনের মধ্যে ২৭২ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২৫২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ২০৭ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৯৬ জন, লক্ষ্মীপুরে ৬৯ জন, কক্সবাজারে ২৬ জন, নোয়াখালীতে ২৬ জন, বান্দরবানে ২৬ জন, খাগড়াছড়িতে ২৭ জন, চাঁদপুরে ১৮ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ জন, রাঙামাটিতে নয়জন এবং ফেনীতে ছয়জনকে আটক করা হয়েছে।
আরটিভি/এসএইচএম




