
পতিত অপশক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং তাদেরকে দমনে যা যা করা দরকার, আইনশৃঙ্খলা বাহিনী তাই করবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। দায়িত্ব পালনে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের সহনশীলতাকে দুর্বলতা মনে করলে ভুল হবে উল্লেখ করে দলীয় নেতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ার করে এরপর তিনি বলেন, পতিত অপশক্তির সঙ্গে হাত মিলিয়ে তাদের ছাড় দিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দিবে, তাদেরকেও কঠোর জবাবদিহির আওতায় আনা হবে।
পাশাপাশি সীমান্ত এলাকাগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার আশঙ্কার কথা জানিয়ে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের বিশেষ সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করবে। একটি শিক্ষিত, সচ্ছল ও উন্নত বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে, ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিমানমন্ত্রী।
তিনি বলেন, পাইলট হওয়ার সুযোগ আর নির্দিষ্ট কোনো পরিবার বা শ্রেণির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না সরকার। মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশের যেকোনো প্রান্তের তরুণ-তরুণী যেন পাইলট হওয়ার সুযোগ পান, সে লক্ষ্যেই ট্যালেন্ট হান্টের মাধ্যমে মেধাবীদের খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, আগে পাইলটের ছেলে পাইলট হতো, এখন যাতে একটা কৃষকের ছেলে পাইলট হতে পারে, সেই কারণে ট্যালেন্ট হান্ট করে তাদের উন্মুক্ত করে দেয়া হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের যেকোনো স্থান থেকে একজন যোগ্য প্রার্থী পাইলট হতে পারবেন।
তিনি আরও বলেন, দেশের শিক্ষার মান যে পর্যায়ে নেমে গিয়েছিল, সেখান থেকে উত্তরণ ঘটাতে হলে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত প্রয়োজন। সরকার বিভিন্ন ক্ষেত্রে যোগ্য ও দক্ষ জনবল গড়ে তুলতে কাজ করছে। শুধু বিমান পরিবহন মন্ত্রণালয় নয়, প্রতিটি মন্ত্রণালয়ে ট্যালেন্ট হান্টের মাধ্যমে মেধাবীদের খুঁজে বের করে দেশের উন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু জেলা পর্যায়ে নয়, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা উচিত।
এর মাধ্যমে মেধাবীদের খুঁজে বের করে ভবিষ্যতের যোগ্য জনবল ও নেতৃত্ব তৈরি করা সম্ভব হবে জানিয়ে এ আয়োজনের জন্য ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান তিনি।
এর আগে, সকালে ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পর্যটনমন্ত্রী।
সেখানে তিনি বলেন, ‘ময়মনসিংহ অঞ্চলে বিমানবন্দর নির্মাণের বিষয়ে পরামর্শক নিয়োগ করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। বিমানবন্দরে কতটি উড়োজাহাজ চলাচল করতে পারবে, কোন দিক থেকে অবতরণ করবে, অবতরণের পথ কত দূর পর্যন্ত বিস্তৃত হবে এবং সামগ্রিক সক্ষমতা কেমন হবে, এসব বিষয় নিয়ে সমীক্ষা চলছে। এটি বড় ও জটিল পরিকল্পনা। এ বিষয়ে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রমও চলমান আছে।’
বগুড়ার বিমানবন্দর প্রকল্পের কাজ অনেকটা এগিয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বগুড়া দেশের মধ্যবর্তী অঞ্চলে হওয়ায় সেখানে উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য পণ্য পরিবহনকেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা আছে। বগুড়ার কাজ শুরুর এক থেকে দুই বছর পর ময়মনসিংহের বিমানবন্দর প্রকল্পের কাজও এগিয়ে নেওয়ার পরিকল্পনা আছে।
বিমান পরিবহন খাতে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক তুরস্ক সফরে দেশটির সঙ্গে এ খাতে সহযোগিতার বিষয়টি আলোচনায় এসেছে। তুরস্কের সহযোগিতা পাওয়া গেলে দেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে। এ বিষয়ে বিমান পরিবহন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার উদ্যোগও আছে।
এসময় কক্সবাজার বিমানবন্দরকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটক আকর্ষণের উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। এছাড়া বৃহত্তর ময়মনসিংহের স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার পরিকল্পনার কথা জানান তিনি।
আরটিভি/এসএইচএম


