ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, দুদকের অভিযানেও মেলেনি সমাধান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
ছবি: আরটিভি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান হয়েছে। নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিদর্শনে সড়কের দৈর্ঘ্য ও প্রস্থে ঘাটতির তথ্যও পাওয়া গেছে। এরপরও খুলনার পাইকগাছা পৌরসভার ১১ কোটি টাকার বেশি ব্যয়ে বাস্তবায়িত উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের (সিটিসিআরপি) কাজ নিয়ে অনিয়মের অভিযোগের অবসান হয়নি।

কোথাও নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, কোথাও সড়কের প্রস্থ কম, আবার কোথাও নির্মাণের পর হেলে পড়েছে গাইডওয়াল। সড়কের পাশের গাছের চারা রোপণের স্থান নিয়েও উঠেছে প্রশ্ন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের আওতায় নির্মিত বিভিন্ন সড়ক ও অবকাঠামোর কাজ যথাযথভাবে তদারকি করা হয়নি। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের পরিমাপে অনিয়মের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়েও সংশয় তৈরি হয়েছে।

পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাস্তবায়িত এ প্রকল্পের একটি নথিতে বরাদ্দের পরিমাণ উল্লেখ রয়েছে ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ২০০ টাকা। অন্যদিকে প্রকল্পের ব্যয় প্রায় ১১ কোটি ৮০ লাখ টাকা বলেও তথ্য পাওয়া গেছে। প্রকল্পের আওতায় আটটি সড়কসহ বিভিন্ন স্থানে কার্পেটিং, আরসিসি, ইউনি ব্লক ও ড্রেন নির্মাণ করা হয়েছে। কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল ২০২৬ সালের ৩০ অক্টোবর। সময়সীমা পার হলেও নির্মাণকাজের মান ও পরিমাপ নিয়ে অভিযোগের নিষ্পত্তি হয়নি।

সড়কে নিম্নমানের খোয়া, প্রস্থেও ঘাটতি

দক্ষিণ গোপালপুর বাইতুল জামে মসজিদ থেকে আমিনুর রহমানের বাড়ি হয়ে টিপু মোড়লের বাড়ি পর্যন্ত প্রায় ৮০০ মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬৭ লাখ ১০ হাজার ৬৮৮ টাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ সড়কে প্রথম শ্রেণির ইটের পরিবর্তে দুই ও তিন নম্বর ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ১০ ফুট প্রস্থের কথা থাকলেও কোনো কোনো স্থানে সড়কের প্রস্থ সাড়ে ৯ ফুটের কম।

স্থানীয়দের আরও অভিযোগ, প্রকল্পের বিভিন্ন সড়কে বিটুমিন ও আরসিসি ঢালাইয়ের কাজেও গাফিলতি রয়েছে। কোথাও ড্রেনের স্লাব সঠিক উচ্চতায় স্থাপন করা হয়নি। এসব কাজের গুণগত মান ও পরিমাপ পুনরায় যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।

হেলে পড়েছে গাইডওয়াল, দুর্ঘটনার শঙ্কা

নির্মাণের পর একটি গাইডওয়াল হেলে পড়ার অভিযোগও উঠেছে। স্থানীয় বাসিন্দা রেজাউল সানা বলেন, এ পথ দিয়ে প্রতিদিন শিক্ষার্থী ও শিশুরা চলাচল করে। গাইডওয়ালটি হেলে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হলেও প্রতিকার পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, শুধু একটি বা দুটি সড়ক নয়, ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে নির্মিত সব সড়ক ও অবকাঠামোর কাজ নিরপেক্ষভাবে পরীক্ষা করা প্রয়োজন।

দুদকের পরিদর্শনে মিলেছিল পরিমাপে ঘাটতি

২০২৫ সালের ২৪ ডিসেম্বর দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ ফজলের নেতৃত্বে একটি দল শিববাটী ব্রিজের নিচ থেকে লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র পর্যন্ত সড়কের নির্মাণকাজ পরিদর্শন করে। এ সময় নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহের পাশাপাশি কার্যাদেশ, বিল-ভাউচার ও পরিমাপ বই (এমবি) যাচাই করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, অনুমোদিত নকশার তুলনায় সড়কের দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় ৫০ ফুট ঘাটতির তথ্য পাওয়া যায়। নমুনা পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছিল।

তবে প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও নমুনা পরীক্ষার চূড়ান্ত ফলাফল কিংবা এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দৃশ্যমান অগ্রগতি জানা যায়নি। পরীক্ষার ফল কী হয়েছে, পরিমাপে ঘাটতির আর্থিক পরিমাণ কত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

সড়কের পাশে গাছ লাগানো নিয়েও প্রশ্ন

প্রকল্পের আওতায় নির্মিত কার্পেটিং সড়কের পাশে গাছের চারা রোপণ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সরেজমিনে কয়েকটি স্থানে পিচঢালাই সড়কের প্রান্ত থেকে মাত্র এক থেকে দুই ফুট দূরে চারা রোপণ করতে দেখা গেছে। আবার সড়কের নির্ধারিত অংশের বাইরে বিভিন্ন স্থানে গাছ লাগানোর অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের প্রশ্ন, সড়কের পাশে গাছ লাগানোর নামে সড়কের বাইরে চারা রোপণ করে প্রকল্পের দায়িত্ব শেষ করা হয়েছে কি না। পাশাপাশি সড়কের এত কাছাকাছি চারা লাগানোর ক্ষেত্রে ভবিষ্যতে গাছের শিকড়ের বিস্তার, সড়কের স্থায়িত্ব ও যানবাহন চলাচলের নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে কিনা, তা নিয়েও সংশয় রয়েছে।

এ বিষয়ে পৌরসভার উপসহকারী প্রকৌশলী সুমন দাশ বলেন, প্রকল্পের নির্দেশনা অনুযায়ী সড়কের প্রান্ত থেকে ৬০০ মিলিমিটার বা প্রায় দুই ফুট দূরে এবং এক গাছ থেকে অন্য গাছের দূরত্ব তিন মিটার বা প্রায় ১০ ফুট রেখে চারা রোপণ করা হয়েছে।

নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুর আহমদও নিয়ম মেনে গাছ লাগানোর কথা জানিয়েছেন। তবে স্থান নির্ধারণে কোনো সমস্যা রয়েছে কিনা, তা যাচাই করা হবে বলে জানান তিনি।

ঠিকাদারের প্রতিনিধির বক্তব্যে অসন্তোষ

প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানটি ঝিনাইদহের নিশিত বসুর বলে জানা গেছে। মাঠপর্যায়ে প্রতিষ্ঠানটির কাজ পরিচালনা করছেন প্রতিনিধি আমিনুর রহমান। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনাদের যা খুশি তাই লেখেন, লেখায় আমাদের কিছু যায় আসে না।

সরকারি অর্থায়নে বাস্তবায়িত বড় প্রকল্পের কাজ নিয়ে অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিনিধির এমন বক্তব্যে স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। মূল ঠিকাদারের পরিবর্তে প্রতিনিধি কী কর্তৃত্বে কাজ পরিচালনা করছেন, সে বিষয়েও প্রশ্ন উঠেছে।

নিম্নমানের উপকরণ ব্যবহারের কথা স্বীকার প্রকৌশলীর

পৌরসভার অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুর আহমদ কয়েকটি ক্ষেত্রে নিম্নমানের উপকরণ ব্যবহারের কথা স্বীকার করেছেন। তার দাবি, এ বিষয়ে ঠিকাদারকে চিঠি দিয়ে নিম্নমানের উপকরণ সরিয়ে মানসম্মত উপকরণ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের চিহ্নিত ত্রুটিগুলোও সংশোধন করা হয়েছে।

তবে কতটুকু নিম্নমানের উপকরণ সরানো হয়েছে, সংশোধিত কাজের মান কে পরীক্ষা করেছেন এবং পুনরায় নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করা হয়েছে কিনা, এসব প্রশ্নের সুস্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার বলেন, প্রকল্পের কাজে তাদের দাপ্তরিক সংশ্লিষ্টতা নেই। প্রকৌশল বিভাগ ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা এ কাজের দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছে প্রকল্পের অনিয়ম ও গাছ রোপণ নিয়ে জানতে চাওয়া হলেও সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের

স্থানীয় বাসিন্দাদের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান ও এর প্রতিনিধি আমিনুর রহমানের অধীনে সম্পন্ন হওয়া প্রতিটি সড়ক ও অবকাঠামোর কাজ দুদকের তদন্তের আওতায় আনা হোক। নির্মাণসামগ্রীর মান, সড়কের দৈর্ঘ্য-প্রস্থ ও পুরুত্ব, গাইডওয়ালের অবস্থা, গাছ রোপণের স্থান এবং প্রকল্পের বিল-ভাউচারের সঙ্গে বাস্তবে সম্পন্ন কাজের তুলনা করে অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন।

১১ কোটি টাকার বেশি ব্যয়ের একটি সরকারি প্রকল্পে বারবার নিম্নমানের কাজের অভিযোগ উঠলেও তার কার্যকর নিষ্পত্তি না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

তাদের প্রশ্ন, প্রকৌশল বিভাগ যথাযথভাবে কাজ তদারকি করে থাকলে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠছে কেন? আর তদারকিতে ব্যর্থতা থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের জবাবদিহির আওতায় আনা হবে কিনা?

সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রকল্পের সব কাজের নিরপেক্ষ কারিগরি তদন্ত, দুদকের সংগৃহীত নমুনার পরীক্ষার ফল প্রকাশ এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউটিউব-চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা তৈরি, মিলল যন্ত্র
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন স্থাপন করে মাদক উৎপাদনের অভিযোগে তৌহিদুল আলম আকিব (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। 
ইউটিউব-চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা তৈরি, মিলল যন্ত্র
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রবাসীর মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই নারীসহ এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪৮ জনের। এছাড়া শনিবার (২১ নভেম্বর) নতুন করে আরো ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রবাসীর মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭
শ্বশুর বাড়ির রাস্তা নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবদল নেতার
কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন।  শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর বাটরা গাববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়নের কাটুকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি আবদুস সালামের ছেলে। সোহেল করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর বাটরা গ্রামে নিহত সোহেলের শ্বশুর শাহজাহান মিয়া ও চাচা শ্বশুর আকবর আলীর মধ্যে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে একাধিকবার সালিস-বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।  গতকাল (শনিবার) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আবারও ওই রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় শ্বশুরবাড়িতে থাকা সোহেল মিয়া এবং আকবর আলীর মেয়ের জামাই কালু মিয়াও তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।  অভিযোগ রয়েছে, এ সময় কালু মিয়া ও তার সঙ্গে থাকা কয়েকজন সোহেলকে বল্লম দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এই বিষয়ে অভিযুক্ত কালু মিয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। কটিয়াদী উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ বলেন, সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরটিভি/এসআর
শ্বশুর বাড়ির রাস্তা নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবদল নেতার
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে একটি শাখার বাইরে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
বিএনপি নেতাকর্মীদের মূল্যায়নে ইউএনও-ডিসিকে চিফ প্রসিকিউটরের হুঁশিয়ারি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে এক সামাজিক অনুষ্ঠানে দলীয় ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
বিএনপি নেতাকর্মীদের মূল্যায়নে ইউএনও-ডিসিকে চিফ প্রসিকিউটরের হুঁশিয়ারি
আরও পড়ুন
শ্রীপুরের পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা
ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ীসহ নিহত ২
ভারতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একই পরিবারের নিহত ৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন