
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের পুনর্বাসনে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন। বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশনা ও সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন, চিকিৎসাসেবা ও শুকনা খাবারসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় বড়ইতলী পাড়ায় আয়োজিত সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি।
সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে রোয়াংছড়ি উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় বান্দরবান সদর জোন।
সহায়তা বিতরণকালে জোন কমান্ডার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী তাঁদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
সেনাবাহিনীর এ মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয় বাসিন্দারাও সেনাবাহিনীর এমন সহযোগিতা, সহমর্মিতা ও মানবিক উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পাশাপাশি জাতি, ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছে। দেশপ্রেম, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিকতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে বান্দরবান রিজিয়ন সদর দপ্তর ও বান্দরবান সদর জোন জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।
আরটিভি/এমএম



