
নওগাঁর মান্দায় এক কিশোরীকে (ক্ষুদ্র নৃগোষ্ঠী) ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের তানাইল গ্রাম এলাকায় জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ ও ভালাইন ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগী কিশোরীর চাচি কল্পনা রানী বলেন, তখনও সন্ধ্যার আজান পুরোপুরি শেষ হয়নি। আমি তৈরি হয়ে মেয়েকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজার কাছে যাই। এ সময় ঘরের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পাই। দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভুট্টু ও এনামুল ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। আমি তাদের আটকানোর চেষ্টা করলে তারা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
তিনি আরও জানান, তার চিৎকার শুনে আশপাশের কেউ তাৎক্ষণিকভাবে এগিয়ে না আসায় তিনি একাই ছুটে গিয়ে এনামুলের ব্যবহৃত একটি ভ্যান গাড়ি আটকে রাখেন, যাতে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালাতে না পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত বৈদ্যপুর গ্রামের আব্দুল আলিম ভুট্টু (৫০) ও বেজোড়া গ্রামের এনামুল হককে (৩২) স্থানীয় লোকজন আটক করে রাতেই মান্দা থানা-পুলিশের কাছে সোপর্দ করেন। পরে ভুক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা করেন।
‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে নারী ও শিশুর ওপর নির্যাতন এবং ধর্ষণের মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এসব অপরাধ বন্ধ করতে হবে এবং প্রতিটি ঘটনায় ভুক্তভোগীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
স্বজনেরা জানান, ঘটনার পর থেকে ভুক্তভোগী কিশোরী মানসিকভাবে ভেঙে পড়েছে। মানববন্ধনে কিশোরীর মা রূপবতী ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত এনামুল ও ভুট্টুর সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক অজিত মুন্ডা, মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার পাহান এবং সহসাধারণ সম্পাদক অসিত ভুইমালি।
আরটিভি/ এসকেডি


