
দিনে-দুপুরে বসতবাড়িতে চুরি, গভীর রাতে ব্যবসাপ্রতিষ্ঠানের টিন কেটে লুট—কুড়িগ্রামের রাজারহাটে যেন থামছেই না চুরির ঘটনা। মাত্র এক মাসে তিনটি বাড়িতে দিন দুপুরে চুরির পর এবার উপজেলা সদরের ব্যস্ততম রাজারহাট সদর বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চালের টিন কেটে ঢুকে নগদ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। একের পর এক ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে চোর আতঙ্ক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত গভীর রাতে রাজারহাট সদর বাজারের ঐতিহ্যবাহী বেঙ্গল ট্রেডার্সে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর আলমারির ড্রয়ার ও টেবিলের ড্রয়ার ভেঙে তছনছ করে। সেখান থেকে আনুমানিক ৩০ হাজার টাকা নিয়ে যায় তারা। দোকানের ভেতরের বিভিন্ন আসবাবপত্রও এলোমেলো করে রেখে যায়।
স্থানীয়দের অভিযোগ, শুধু রাতের আঁধারেই নয়, সম্প্রতি দিনের বেলাতেও চোরের দৌরাত্ম্য বেড়েছে। গত এক মাসে উপজেলার সদরের বোতলারপাড় গ্রাম, পুন:কর এবং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কুড়ারপাড় গ্রামে তিনটি বাড়িতে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় তিনটি বাড়ি থেকে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ফলে রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পাশাপাশি দিনের বেলাতেও নিজেদের ঘরবাড়ি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বাসিন্দারা।
বেঙ্গল ট্রেডার্সের মালিক রেজাউল করিম চুরির ঘটনা নিশ্চিত করে বলেন, ‘চোরেরা টিন কেটে দোকানের ভেতরে ঢুকে ড্রয়ার ভেঙে ৩০হাজার টাকা নিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।’
রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এক মাসে একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের প্রশ্ন—দিনের ব্যস্ততা আর রাতের নিরাপত্তা, কোনোটিই কি এখন রাজারহাটে চোরদের নাগালের বাইরে?
আরটিভি/ এসকেডি




