
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তের ওপারে দুটি চিতাবাঘের দেখা মিলেছে। সীমান্তের কাছাকাছি এলাকায় প্রাণী দুটির অবাধ বিচরণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেকোনো সময় নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন সীমান্তবর্তী নাগর নদীর পাড়ে বাঘ দুটিকে বিচরণ করতে দেখে। এ সময় সে মুঠোফোনে বাঘ দুটির ছবি ধারণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বাঘ দুটি বাংলাদেশ সীমান্তের লোকালয়ের কাছাকাছি অবস্থান করছিল। পরে সেগুলোকে পার্শ্ববর্তী একটি চা-বাগানের ভেতরে ঢুকে যেতে দেখা যায়। ভৌগোলিক অবস্থান অনুযায়ী, নাগর নদী ভারত ও বাংলাদেশের সীমান্ত নির্ধারণ করেছে। ফলে নদী পার হয়ে বাঘ দুটি বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এ ঘটনার পর থেকে সীমান্তবর্তী গ্রামগুলোতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। আতঙ্কে কৃষকেরা ফসলের মাঠেও যেতে ভয় পাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তবর্তী এলাকায় বন্যপ্রাণীর এমন উপস্থিতি তাদের দৈনন্দিন জীবনযাত্রায় উদ্বেগ তৈরি করেছে। বাঘ দুটি দ্রুত চলাচল করতে পারে এবং চা-বাগানের ঝোপঝাড়ে লুকিয়ে থাকায় সেগুলোর অবস্থান শনাক্ত করাও কঠিন। ফলে গৃহপালিত পশু ও স্থানীয় মানুষের নিরাপত্তা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন। তাদের আশঙ্কা, বাঘ দুটি নদী পার হয়ে যেকোনো সময় লোকালয়ে প্রবেশ করতে পারে, যা প্রাণহানির ঝুঁকি তৈরি করতে পারে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাঘ দুটি ভারতের সীমান্তের ভেতরে, অর্থাৎ বাংলাদেশ সীমান্তের ওপারে অবস্থান করছে। তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ নেই। এরপরও সীমান্তবাসীকে সতর্ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরটিভি/এমএ



