
সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কারণ নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই।
নারীশিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, নারীশিক্ষার অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি মেয়েদের এসএসসি পর্যন্ত বিনাবেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। মেয়েদের স্নাতক (বিএ) পর্যন্ত বিনাবেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন বলেও জানান স্পিকার।
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয় ছিল এই বিদ্যালয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এ বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ইতিহাস এই কৃতিত্ব মনে রাখবে।
বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যালয়ের সাবেক ছাত্রী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
অনুষ্ঠানে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে, প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। শতবর্ষপূর্তির মিলনমেলা ঘিরে উৎসবের সাজে সাজানো হয় পুরো বিদ্যালয়। গোলাপি রঙে সজ্জিত ভবন আর দেয়ালে আঁকা আলপনায় তৈরি হয় বর্ণিল পরিবেশ। প্রাক্তনীদের উচ্ছ্বাস, স্মৃতিচারণা আর আনন্দ-আয়োজনে ফিরে আসে বিদ্যালয়ের শত বছরের সোনালি অধ্যায়।
আরটিভি/এমএ




