
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে ৩ হাজার ৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে সিরাজদিখান উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক কেজি উন্নত জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি (পটাশ) সার বিনামূল্যে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ্।
এ সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা।
কৃষি প্রণোদনার মাধ্যমে সরিষার আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে স্থানীয় পর্যায়ে তেলজাতীয় ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহী করে তোলাই এ কর্মসূচির লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরটিভি/এমএইচজে


