
নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) শ্লীলতাহানির অভিযোগে সাইফুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ছয়ানী ইউনিয়নের মারকাযে আহমদ ছয়ানী মাদরাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সাইফুল ইসলাম ওই মাদরাসার সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি ওই মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শনিবার সকালে সে মাদরাসায় যায়। ছুটির পর বাড়ি ফিরে মায়ের কাছে শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে। পরে শিশুটির মা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাদরাসায় গিয়ে শিক্ষক সাইফুলকে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, ওই শিক্ষক এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওই শিক্ষককে মারধর করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে


