
মানিকগঞ্জে নাশকতা ও যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪ (সিপিসি-৩)।
রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ পৌরভবনের সামনে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হামজা খান মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া নগরভবন রোড এলাকার মৃত মালেক খানের ছেলে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটে। একই দিন মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় দুটি মামলা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন হামজা খান। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বেশ সক্রিয় দেখা যায়। রোববার এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে অংশ নিতে এসে নিজ বাসায় অবস্থান করছিলেন তিনি। এ সময় খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা খানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
আরটিভি/এমএইচজে


