
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুরুজ জামান হত্যায় অভিযুক্ত মো. মেহেদী (৩১) উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদী ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা এবং ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বর সন্ধ্যায় একই এলাকার স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সুরুজ জামান (৩৫) হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে রাতে সড়ক অবরোধ করেন। এ সময় জামান হত্যার ঘটনায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত মেহেদীর বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে গভীর রাতে উত্তেজিত এলাকাবাসী তাকে গণপিটুনি দেন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গণপিটুনিতে একজন মারা গেছেন। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে কোথাও যাওয়ার পথে মজিদ মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে পৌঁছালে মো. সুরুজ জামানের গতিরোধ করে মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তার বুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মো. সুরুজ জামান ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য ছিলেন।
নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার জানান, এলাকায় বালু ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামীপন্থি অন্য একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তার ভাই জামানের দ্বন্দ্ব চলছিল। এই বিরোধের জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
আরটিভি/এসএস




