
চট্টগ্রামের মিরসরাইয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৮০টি টিয়া পাখিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজির সামনের পাকা সড়ক থেকে ওই টিয়াপাখিগুলো উদ্ধার করা হয়।
আটকরা হলেন- মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মামুন (৩১)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা সরকারি নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ ভঙ্গ করে সম্পূর্ণ কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে টিয়াপাখিগুলো নিয়ে আসছিলেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি এবং ২৫ডি ধারায় মামলা করা হয়েছে।
জোরারগঞ্জ থানায় মামলার পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এমএইচজে




