
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পরে ফোন করে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক মো. জাফর আহমদের অভিযোগ, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রায়হান প্রায় ১০ মাস আগে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় মোহাম্মদ রায়হানের সহযোগীরা তার বাড়ির জানালা লক্ষ্য করে গুলি ছোড়েন। ঘটনার সময় তিনি ও পরিবারের সদস্যরা ওই কক্ষে না থাকায় কেউ হতাহত হননি। তবে গুলিতে জানালার কাচ ভেঙে যায়।
জাফর আহমদ জানান, প্রায় ১০ মাস আগে রায়হান ফোন করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই সময় তিনি ও তার স্ত্রী চিকিৎসার জন্য ভারতে ছিলেন। বিষয়টি তখন পুলিশকে জানানো হয়েছিল। এরপর দীর্ঘদিন কোনো যোগাযোগ না থাকলেও গত বুধবার আবারও ফোন করে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয়।
তিনি আরও জানান, বাড়িতে গুলি করার পর রায়হান তাকে ফোন করেন। এ সময় ফোনে বলা হয়, ‘টাকা দিসনি তাই আজ বাড়িতে গুলি করলাম, কাল তোদের শরীরে গুলি করব। কাফনের কাপড়চোপড় কিনে রাখিস।’
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, দুটি মোটরসাইকেলে করে চারজন এসে গুলি ছুড়ে চলে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাড়ির মালিককে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
আরটিভি/এমএইচজে



