
বান্দরবানে বাংলাদেশ-মিয়ানমার ও ভারত মিজোরামের ত্রি পিলার শূন্য সীমা রেখায় সন্দেহজনক হিসেবে স্থানীয় ম্রো সম্প্রদায়ের ২ জনসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ )রুমা ব্যাটালিয়নের ৯ বিজিবি)।
রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার দোপানীছড়া বিওপি এলাকার ত্রিদেশীয় পিলার সীমান্তবর্তী স্থান থেকে তাদেরকে আটক করা হয়। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রুমা ব্যাটালিয়ন ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হাসান শাহরিয়া বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন- ঝিনাইদহ জেলার মো. আব্দুল আহাদ (২২), বরগুনার মো. হাসান ছিহাব (২৮), ঢাকার মো. নাহিদ হাসান আশিক (৩৩), ঢাকার এস ইসলাম সোহেল (৩৮), ভোলার মো. হোসেন শরিফ (২৯), চট্টগ্রামের মো. মিনহাজুর রহমান সানি (২৬) এবং বান্দরবানের স্থানীয় ম্রো সম্প্রদায়ের রাংও মুরুং (২৫) ও উনরয় মুরুং (৩০)।
বিজিবি জানায়, গত ৫ নভেম্বর স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুই যুবকের মাধ্যমে ৬ জনের একটি দল থানচি হয়ে ত্রি-পিলার সীমানায় যান। পরে বাংলাদেশ সীমানায় অতিক্রম করে তারা ত্রিসীমানায় জিরো লাইনে ঢুকে যান। খবর পেয়ে রুমার ৯ বিজিবির সদস্যরা তাদেরকে ৬৩/৬৪ সীমান্ত পিলারে শূন্যরেখায় বাংলাদেশের অভ্যন্তরীণ থেকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ছুড়ি, তাঁবু, শুকনা খাবারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
তবে কেন ও কী কারণে তারা সেখানে গিয়েছে সে বিষয়ে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান লে. কর্নেল মো. হাসান শাহরিয়া।
তিনি বলেন, বৈধ পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ছাড়া আন্তর্জাতিক সীমান্তের সন্নিকটে সন্দেহজনক অবস্থানে থাকায় পাসপোর্ট আইন অনুযায়ী তাদের আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ সীমান্ত লঙ্ঘন ও সীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে




