
চুয়াডাঙ্গায় এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই স্ট্যাটাস দিয়েছিলেন জান্নাতুল মাওয়া।
জান্নাতুল মাওয়া (১৮) নামের মেধাবী এই কলেজছাত্রীর আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর আগে দেওয়া ফেসবুক পোস্টটি সামনে আসার পর ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পোস্টে কাকে উদ্দেশ্য করে এমন কথা লিখেছিলেন, কী কারণে তিনি মানসিক চাপে ছিলেন এবং তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা নিয়ে আলোচনা চলছে।
নিহত জান্নাতুল মাওয়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে জান্নাতুল মাওয়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই স্ট্যাটাস দেন। এরপর রাত পেরিয়ে ভোর হলেও তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বাবা শরিফুল ইসলামের ঘুম ভাঙে। এ সময় তিনি মেয়ের ঘরে আলো জ্বলতে দেখেন। সন্দেহ হলে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জান্নাতুল মাওয়ার মৃত্যুর পর তার গভীর রাতে দেওয়া ফেসবুক পোস্টটি সামনে আসায় ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়। স্ট্যাটাসে ব্যবহৃত ‘জানোয়ারের বাচ্চা’ শব্দগুলো কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল, কী কারণে তিনি এমন পোস্ট দিয়েছিলেন এবং মৃত্যুর আগে কোনো ধরনের মানসিক চাপ বা কারও সঙ্গে বিরোধের মধ্যে ছিলেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে সহপাঠীরা জানান, জান্নাতুল মাওয়া পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। তাকে এভাবে অকালে হারাতে হবে, তা তারা কল্পনাও করতে পারেননি। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সহপাঠী ও স্বজনরা।
মেয়ের অকাল মৃত্যুতে শোকাহত বাবা শরিফুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন এ-প্লাস) পেয়েছিল। পড়াশোনায় অনেক ভালো ছিল। হঠাৎ এমন ঘটনা ঘটেছে। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। ফেসবুকে স্ট্যাটাসের বিষয়টি জেনে কী হবে? আমার মেয়ে তো চলেই গেছে।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘জান্নাতুল মাওয়া নামের এক কলেজছাত্রীকে তার নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে আত্মহত্যায় প্ররোচনার কোনো বিষয় থাকলে তা তদন্ত করে দেখা হবে।’
আরটিভি/এসএস



